হামে আক্রান্ত হয়ে বাড়ছে শিশুমৃত্যু টিকাদান কর্মসূচি জোরদার করতে হবে

আমার দেশ অনলাইন

হামে আক্রান্ত হয়ে বাড়ছে শিশুমৃত্যু টিকাদান কর্মসূচি জোরদার করতে হবে

দেশে হঠাৎ করেই হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে, চলতি মার্চ মাসের মাঝামাঝি থেকে হঠাৎ করে সারা দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিতে শুরু করেছে। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, গাজীপুর, রংপুর, পাবনা, চট্টগ্রাম ও রাজশাহীসহ অন্তত ১০টি জেলায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা দ্রুত বাড়ছে। আক্রান্ত শিশুদের চিকিৎসায় নিয়োজিত হাসপাতালগুলোর সূত্রে জানা গেছে, চলতি মাসেই হাম ও হামজনিত জটিলতায় ২১ শিশুর মৃত্যু হয়েছে, যা খুবই উদ্বেগজনক। সংশ্লিষ্ট হাসপাতালগুলোর চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্ত অনেক শিশুকে সময়মতো হাম প্রতিরোধী টিকা না দেওয়ায় তারা এ রোগে আক্রান্ত হয়েছে।

বর্তমানে বাংলাদেশে পোলিও ও ধনুষ্টংকারের মতো রোগ নেই বললেই চলে। হেপাটাইটিস এবং হামও দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। কিন্তু হঠাৎ করে অনেকগুলো জেলায় হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়া এবং এতে অনেক শিশুর মৃত্যুর ঘটনা দেশের জনস্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সাম্প্রতিক বছরগুলোয় হামে এত বেশি শিশুমৃত্যুর ঘটনা দেশে এবারই প্রথম। অনেক হাসপাতালে পর্যাপ্ত আইসিইউ না থাকায় আক্রান্ত শিশুদের সাধারণ বেডে রাখায় তাদের মৃত্যু হয়েছে। এসব ঘটনা দেশে চিকিৎসাব্যবস্থার নানা ঘাটতি ও সংকটকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত একটি রোগ। আক্রান্ত শিশুর হাঁচি-কাশি বা সংস্পর্শের মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। এ রোগ থেকে নিউমোনিয়া, ডায়রিয়া, চোখ, মস্তিষ্কে প্রদাহসহ মারাত্মক জটিলতা তৈরি হতে পারে। নিয়মিত প্রতিরোধমূলক টিকা দেওয়া হলে এ রোগের প্রকোপ থেকে রক্ষা পাওয়া এবং এর বিস্তার রোধ করা সম্ভব বলে চিকিৎসকরা মনে করেন।

দেশে হামের সংক্রমণ বেড়েছে—এ কথা স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, আট বছর ধরে হামের টিকা দেওয়া বন্ধ রয়েছে। শিশুদের হামসহ বিভিন্ন জটিল রোগের সংক্রমণ থেকে রক্ষায় টিকা দেওয়া এত দীর্ঘ সময় কেন বন্ধ ছিল, তা জনগণের জানা জরুরি। মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়েছে, হামসহ বেশ কিছু সংক্রামক ও জটিল রোগের টিকারও সংকট রয়েছে। কাদের গাফিলতির কারণে দীর্ঘ সময় টিকা দেওয়া বন্ধ ছিল এবং টিকার অভাব দেখা দিয়েছে, যার ফলে এখন এতগুলো শিশু মারা গেল-তা অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে সারা দেশে টিকাদান কর্মসূচি অবিলম্বে শুরু করতে হবে, যাতে হামসহ সংক্রামক ব্যাধিগুলোর বিস্তার দ্রুত রোধ করা যায়।