আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এতিমদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলে আসলাম চৌধুরী

মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে

চট্টগ্রাম-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী বলেছেন, মাদ্রাসা শিক্ষার্থীদের আরবি শিক্ষার পাশাপাশি আধুনিক, কারিগরি ও সাধারণ শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে রাষ্ট্রীয় ও সামাজিক বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শুক্রবার পবিত্র রমজানের দ্বিতীয় দিনে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের উত্তর মসজিদ্দাস্থ ইসলামীয়া আরাবিয়া মাদ্রাসার এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ আব্দুল্লাহ শাহরিয়ার। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ইফতারের আগে এতিম ও দুস্থ শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান অতিথি এবং তাদের সার্বিক খোঁজ-খবর নেন।

আসলাম চৌধুরী বলেন, এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে মানবসেবায় আত্মনিয়োগ করার তৌফিক দান করুন।

ইফতার শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এমপি আসলাম চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাদ্রাসা পরিচালনা কমিটির পরিচালক মাওলানা আলমগীর, শিক্ষক মাওলানা জসিম উদ্দিন, হাফেজ মো. কাশেম, মুফতি ফখরুল ইসলাম, হাফেজ মোশারফ হোসেনসহ অন্যান্য শিক্ষক ও আলেমবৃন্দ।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, জহুরুল আলম জহুর, জয়নাল আবেদীন দুলাল, বদিউল আলম বদরুল, মোহাম্মদ মোরসালিন, আনোয়ারুল আজিম মুকুল, সালামত উল্লাহ, হারুনুর রশিদ ইব্রাহিম, হেলাল উদ্দিন, কামরুল হাসান, রবিউল হোসেন রবি, ইদ্রিস মিয়া মনির, জাফর ভুইয়া, ফজলুল করিম চৌধুরীসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো, তাদের সঙ্গে ইফতার ভাগাভাগি করা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া আয়োজনই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ। স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, সম্প্রীতি ও ঐক্যবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...