ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা, সুশাসন ও গ্রাহক আস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকেরা। রোববার সকাল ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকেরা অভিযোগ করে বলেন, ব্যাংকের বর্তমান পরিস্থিতিতে সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান।
মানববন্ধনে উত্থাপিত দাবিগুলোর মধ্যে ছিল—ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের ছুটি অবিলম্বে বাতিল করে তাকে স্বপদে পুনর্বহাল করা, ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়া এবং ব্যাংকের অভ্যন্তরীণ কাজে অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা।
এছাড়া এস আলম গ্রুপের দখলে থাকা ব্যাংকের শেয়ার দ্রুত নগদায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সেই অর্থ দিয়ে তাদের ব্যাংকঋণ ও দায় পরিশোধ নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, ব্যাংক খাতে সংঘটিত কথিত আর্থিক অনিয়ম ও কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। একই সঙ্গে এস আলম গ্রুপের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।
মানববন্ধনে অভিযোগ করে বলা হয়, ব্যাংকের অভ্যন্তরে কিছু ব্যক্তি পরিবেশ বিনষ্ট করছে। তাদের মধ্যে এএমডি কামালুদ্দিন জসীমসহ সংশ্লিষ্টদের অবিলম্বে বহিষ্কারের দাবি জানান গ্রাহকেরা।
পরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয় ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় ঐক্য পরিষদের পক্ষ থেকে।
কর্মসূচিতে মহাসড়কের ওই এলাকায় কিছুসময় যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

