মোংলায় নদীতে বিলীন কোটি টাকার সড়ক

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

মোংলায় নদীতে বিলীন কোটি টাকার সড়ক

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সড়কের বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সড়কটি ভেঙে যাওয়ায় বর্তমানে যোগাযোগব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, তিন কিলোমিটার দীর্ঘ ও ১০ ফুট প্রস্থের হেজিংসহ এই সড়কের নির্মাণকাজ বাস্তবায়ন করে এম/এস আল মামুন এন্টারপ্রাইজ। কাজের সম্পাদিত মূল্য ছিল ২ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৭৬১ টাকা এবং কাজ সমাপ্তির তারিখ দেখানো হয় ১৭ ডিসেম্বর ২০২০।

সরেজমিনে দেখা যায়, নদীর পাড় ঘেঁষে নির্মিত সড়কটিতে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা না থাকায় অল্প সময়ের মধ্যেই নদীভাঙনের কবলে পড়ে সড়কের বড় অংশ বিলীন হয়ে যায়। বর্তমানে সড়কটিতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলা ও তদারকির অভাবে নিম্নমানের কাজ হয়েছে। ফলে সরকারি অর্থ ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ এই সড়ক অল্প সময়েই অকেজো হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও রোগীরা।

২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খান আহাদুজ্জামান বলেন, সরকারি টাকা খরচ হলেও কাজ টেকসই হয়নি। যথাযথ তদারকি থাকলে এমন অবস্থা হতো না।

এলজিইডির মোংলা উপজেলা প্রকৌশলী নাবিদুল হাসান জানান, সড়কটির ক্ষয়ক্ষতির বিষয়টি তাদের নজরে এসেছে এবং নতুন কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) জারি করা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন