রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ফলের দোকান ও একটি হোটেল মালিককে মোট ৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে শিবগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ। তিনি জানান, মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে শিবগঞ্জ বাজারের বিভিন্ন স্থানে তদারকি চালানো হয়।
এ সময় মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করার দায়ে তিনটি ফলের দোকানকে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া হাবিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ বলেন, রমজান মাসে বাজারদর স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ব্যবসায়ীদের আইন মেনে মূল্যতালিকা প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোক্তাদের স্বার্থবিরোধী কোনো অনিয়ম সহ্য করা হবে না।
অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী এবং শিবগঞ্জ থানার উপপরিদর্শক গোপালসহ অন্যান্যরা। শিবগঞ্জ থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

