পাবনার ঈশ্বরদীতে ছাগলে শজনেপাতা খাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মাহাবুল হোসেন (৬০) ওই এলাকার আজু প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহাবুলের একটি ছাগল প্রতিবেশী মো. বাশার মুন্সি ও তার বড় ভাই মো. তোসলিম মুন্সির শজনেগাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরোধ মারামারিতে রূপ নেয়। এ সময় বাশার মুন্সি ও তোসলিম মুন্সি লিচু ভাঙার কোটা ও বাঁশের বাতা দিয়ে মাহাবুলের ঘাড়, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঈশ্বরদী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত বাশার মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

