স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে ৩ বছর কারাবন্দি ছিলেন মাওলানা মামুনুল হক। জীবনের কয়েকটি ঈদ কাটিয়েছেন কারাগারে। এ সময় তার পড়াশোনা, চিন্তা ও অভিজ্ঞতা লিখে রেখেছেন নিয়মিত। ঈদ সংখ্যার বিশেষ আয়োজনে জেলজীবনের সেই দিনলিপির ঈদবিষয়ক নির্বাচিত অংশ প্রকাশিত হলো—
১৪ মে ২০২১ শুক্রবার
আজ ঈদের দিন। ঈদুল ফিতর। তাই বন্ধুদের সাথে চলাচলের কিছুটা শিথিলতা। এই সুযোগে ভোর থেকেই বিভিন্ন শ্রেণীর লোকজন আসছে এবং সাক্ষাৎ করছে। বিশেষত ছাত্র অধিকার পরিষদের ছেলেরা দলে দলে আসছে এবং জেলখানায় তাদের করণীয় বিষয়ে পরামর্শ চাইছে। জেলখানার অভ্যন্তরের পরিবেশ এখনো বুঝে উঠতে না পারায় আমি তাদেরকে তেমন কিছুই বলিনি। আমাদের ভবনের দ্বিতীয় তলায় জসিম উদ্দিন রহমানি সাহেবের ইমামতিতে ঈদের নামাজ পড়লাম। নামাজের পূর্বের আলোচনা, নামাজ পরবর্তী খুতবা খুবই উচ্চ মানের মনে হল। যদিও সিকিউর্ড জেলখানার বর্তমান আয়োজনের ভিত্তিতে ঈদের নামাজের শুদ্ধতা নিয়েই প্রশ্ন রয়েছে, তবুও বিষয়টি নিয়ে আমরা কেউ কোনো উত্তর করিনি। কেননা যে কোনো উপায়েই হোক, মানুষ একত্রিত হওয়ার এবং কিছু দ্বীনি কথা শোনার সুযোগ এসেছে, এই উসিলায় কিছু কথা বললে মন্দ হয় না। দ্বিতীয় তলায় ক্ষণিকের রুমে কিছুক্ষণ বসলাম। মেহমানদারী হল।
সেখানে কথায় কথায় জসিম সাহেব বললেন, ইনশাআল্লাহ আগামী ঈদুল আযহার নামাজ মামুন ভাই পড়াবেন। কিন্তু সত্যি বলতে কি, কথাটি আমার ভালো লাগেনি। আমার তো আশা যে, ঈদুল আজহার পূর্বেই আমার মুক্তি হয়ে যাবে। কিছুক্ষণ সময় কাটাতেই ডেপুটি জেলার দেলোয়ার এসে উপস্থিত এবং আমাদেরকে নিজ ব্লকে ফিরে যেতে তাগাদা দিল। ফিরে এলাম।
ঈদ উপলক্ষে জেল কর্তৃপক্ষ উন্নত খাবার পরিবেশন করেছে। এদিকে আবু তাহের ভাই বিরিয়ানি চটপটি ফালুদা প্রভৃতি উত্তম উত্তম খাবারের আয়োজন করে পাঠিয়েছে। তবে খাবার যতই সুস্বাদু হোক, আপনজন প্রিয়জন সন্তানদের বিরহ হৃদয়ে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
৯ জুলাই ২০২১ শুক্রবার
নেলসন ম্যান্ডেলার ‘লং ওয়াক টু ফ্রিডম’ বইটি পাঠে দুটি গুরুত্বপূর্ণ বিষয় দৃষ্টিগোচর হয়েছে-
এক. কোনো আন্দোলন-সংগ্রামে যতদিন ভায়োলেন্সের শক্তি অর্জন না হবে ততদিন ভায়োলেন্স করা আত্মঘাতী হবে। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন এই নীতির উপরেই ছিল।
এটি রাসূল স.এর মক্কী জীবনের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। যত দিন মোকাবিলার সামর্থ না হবে, ততদিন মোকাবিলায় না যাওয়াই উচিৎ। এই পর্যায়ে মোকাবিলায় যাওয়াটা বিপর্যয় ডেকে আনতে পারে।
দুই. আন্দোলন যদি আত্মত্যাগী বা আত্মউৎসর্গিত না হয়, তাহলে নেতৃবৃন্দের বক্তব্য তেমনই হওয়া চাই।
আন্দোলন চূড়ান্ত আত্মত্যাগ ও আত্মোৎসর্গের পর্যায়ে না হয়ে শুধু মুখের ফাঁকা বুলির উপর নির্ভরশীল হলে সাধারণ মানুষ আন্দোলনের নেতাদেরকে ভীরু কাপুরুষ মনে করতে থাকে ।
আসরের সময় থেকে হঠাৎ পেরেশানি শুরু হল। বুকের ভেতর হাহাকার অনুভূত হতে লাগল। দোয়া ইউনুস পড়লাম এবং দোয়ার মধ্যে অনেক কান্নাকাটি করলাম। আম্মার কথা স্মরণ হলো। আম্মা মাঝে মাঝেই বলতেন, বুকের মধ্যে কেমন যেন হাহাকার লাগে। তখন শুধু শুনতাম। কিন্তু আম্মার কষ্টটা অনুধাবন করতে পারতাম না। এখন আমি অনুভব করতে পারছি, বুকের ভিতর হাহাকার কাকে বলে। এই হাহাকার আম্মার জীবনের অন্তিম সময়ে অনেকদিন ছিল। মানসিক অসুস্থতা থেকে আম্মার এই সমস্যা তৈরি হয়েছিল। সদা হাস্যোজ্জল আমার আম্মা এ কারণে জীবন সায়াহ্নে অনেকটাই নিরব হয়ে গিয়েছিলেন।
২১ জুলাই ২০২২ বুধবার
আজ ঈদের দিন সকাল বেলায় পানি ছিল না। আটটা পর্যন্ত। তবুও গোসল করার জন্য ব্লক থেকে বাইরে বের হতে দেয়নি। নামাজের সময়ে তালা খুলেছে। নামাজের পর আবার বন্ধ করে দিয়েছে। প্রতিবাদ আমরা জানিয়েছি। এতে আবার খুলে দিয়েছে। সারাদিন উভয় ব্লকের সাথীরা একসাথে ঈদ উদযাপন করেছি। খোরশেদ কাসেমী সাহেব চটপটি তৈরি করে পাঠিয়েছেন। আবু তাহের ভাই পাঠিয়েছেন বিরিয়ানি। আমরা সেমাই রান্না করেছি। ঈদের বিশেষ সংবাদ ছিল, আমাদের কিছু সাথীর জামিন হয়েছে। গতকাল সন্ধ্যায় প্রথমে সংবাদ আসে ইউসুফ আশরাফ সাহেবের জামিন হয়েছে। আজ আমাদের ফাহিম নামক হেফাজতের বন্দী জামিনে মুক্তি পেয়েছে। আরও কারো কারো জামিন হয়েছে। আজ ঈদের দিন মাওলানা আতাউল্লাহ স্থানান্তরিত হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

