আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভয় দেখিয়ে টাকা আদায়, এপিবিএন সদস্যসহ আটক ৬

স্টাফ রিপোর্টার, বগুড়া

ভয় দেখিয়ে টাকা আদায়, এপিবিএন সদস্যসহ আটক ৬

বগুড়ার সোনাতলায় আটকের ভয় দেখিয়ে ৭০ হাজার টাকা নিয়ে ফেরার পথে এপিবিএনের পিকআপসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে একজন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। বাকিরা বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ও সোনাতলার সৈয়দ আহম্মেদ কলেজের ছাত্র। গত বুধবার রাত দেড়টার দিকে বগুড়া শহরতলীর সাবগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন বগুড়ার চতুর্থ এপিবিএনের কনস্টেবল (গাড়িচালক) আল হাদী (২৭), কলেজছাত্র তারেক রহমান (২৫), শাহরিয়ার রহমান (২৬), আবিদ হাসান (২৬), সাদিক আকবর (২৬) ও আব্দুল্লাহ (১৮)।

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানায়, এপিবিএন সদস্য আল হাদীর গ্রামের বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলার চারালকান্দি গ্রামে। পার্শ্ববর্তী কাতলাহার গ্রামের শফিকুর রহমান টুরুর সঙ্গে তার পরিবারের বিরোধ ছিল। আটকরা গত বুধবার রাতে এপিবিএনের ডাবল কেবিন পিকআপ নিয়ে কাতলাহার গ্রামে যান।

সেখানে তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে জুয়া খেলার অভিযোগ তুলে শফিকুরের ছেলে ওয়ালিদকে আটকের চেষ্টা করেন। এ সময় ওয়ালিদের বাবা শফিকুর রহমান তাদের ৭০ হাজার টাকা দিয়ে রক্ষা পান। পরে শফিকুর রহমান জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। এরপর গাবতলী ও সদর থানার পুলিশ পিকআপটি আটকের জন্য অভিযানে নামে। পরে রাত দেড়টার দিকে সাবগ্রাম দ্বিতীয় বাইপাসে পুলিশের পিকআপটি আটক করে সদর থানা হেফাজতে নেওয়া হয়।

থানা হাজতে আটক এপিবিএন সদস্য আল হাদী বলেন, ওয়ালিদ অনলাইন জুয়ায় টাকা লাগায়। তাকে পুলিশের ভয় দেখিয়ে টাকা আদায়ের জন্য পুলিশের গাড়ি নিয়ে বুধবার রাত সাড়ে ১১টার দিকে সেখানে যাই। এরপর ওয়ালিদের বাবা শফিকুর রহমান স্বেচ্ছায় আমাদের ৭০ হাজার টাকা দেন। টাকা নিয়ে ফেরার পথে সদর থানার পুলিশ আমাদের আটক করে।

বগুড়ার শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম আমার দেশকে বলেন, এপিবিএন সদস্য আল হাদীর পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী কাতলাহার গ্রামের শফিকুর রহমান টুরুর বিরোধ ছিল। তাকে ভয় দেখানোর জন্য তারা পুলিশের গাড়ি নিয়ে সেখানে যায়। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বগুড়া চতুর্থ এপিবিএনের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) শহীদ আবু সরোয়ার জানান, ড্রাইভার কনস্টেবল আল হাদী কাউকে না জানিয়ে সরকারি গাড়ি নিয়ে নিজ দায়িত্বে বাইরে যান। বর্তমানে বগুড়া জেলা পুলিশের হাতে আটক হয়ে সদর থানা হেফাজতে রয়েছেন। সরকারি গাড়িটি জেলা পুলিশ এপিবিএনে হস্তান্তর করেছে। কনস্টেবল আল হাদীর বিরুদ্ধে আইনগত এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন