বিগত ফ্যাসিস্ট সরকার খালেদা জিয়াকে এতিমের হক আত্মসাতের মিথ্যা মামলায় জেলখানায় আটকে রেখেছিল। তারেক রহমানকে অপবাদ দিয়ে দেশছাড়া করা হয়েছিল। তারা আজ কোথায়? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাই কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না।
শনিবার (২১ জুন) বিকালে উপজেলার সাহাপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় মাঠে সাহাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
তিনি আরও বলেন, আমি দলের দুর্দিনে দায়িত্ব পেয়েছি। আওয়ামী লীগ সরকার ও প্রশাসনের নির্যাতন সহ্য করে দলের কর্মসূচি পালন করেছি। অন্যায়ভাবে খালেদা জিয়াকে জেলখানায় আটকে রাখার প্রতিবাদ করায় কারাদণ্ড ভোগ করেছি। করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, মেধাবীদের ফরম ফিলাপ করিয়েছি। এখনো ভাড়া বাসায় থাকি এবং ভাড়া করা গাড়ি ব্যবহার করি। অথচ মাত্র ১০ মাসে অনেকে আঙুল ফুলে কলা গাছ হয়েছে। তারাই আমাকে অবমূল্যায়ন করে কথা বলে। আমি তাদের বিরুদ্ধে কিছু বলতে চাই না। শুধু বলবো, অন্যায়ভাবে কারো গায়ে কালিমা দিয়ে টিকে থাকার চেষ্টার করবেন না। ঈশ্বরদী আটঘরিয়ার মানুষ জানেন কে কীভাবে চলে।
ওয়ার্ড বিএনপির সভাপতি গোলজার হোসেন সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সরদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল হক সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, উপজেলা কৃষক দলের আহবায়ক পাঞ্জু সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, ইউপি সদস্য তুহিন হোসেন, ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম ইমন, নিশান হোসেন প্রমুখ। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত রোববার (১৬ জুন) উপজেলার পাকশী রুপপুর ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু হাবিবুর রহমান হাবিবকে উদ্দেশ্য করে বলছিলেন, হাবিব চাঁদাবাজি করে বিএনপি ভোট ধ্বংস করছেন, বিভিন্ন ইটভাটা, হাট-বাজার ও বালুমহাল থেকে চাঁদা তুলে খাচ্ছেন, তিনি ঈশ্বরদীতে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন। শনিবার সাহাপুরে হাবিবুর রহমান হাবিব সরাসরি জাকারিয়া পিন্টুর নাম উল্লেখ না করলেও তার সেই বক্তব্যের পাল্টা জবাব হিসেবেই কথাগুলো বলেছেন বলে রাজনৈতিক বোদ্ধারা মতামত ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

