বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পবিত্র ভূমিতে কোনোভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের ঢুকতে দেওয়া হবে না। আওয়ামী দালাল বা সরাসরি দোসরদের প্রতিহত করতে বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত আছে। দেশকে স্বনির্ভর করে গড়ে তোলা এবং দেশের মানুষের পাশে দাঁড়ানো ছিল শহীদ জিয়ার রাজনীতি। তার আদর্শ নিয়েই আমরা মানুষের পাশে আছি এবং থাকবো।
মঙ্গলবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি শহীদ জিয়ার বাড়িতে কর্মহীন অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। গাবতলী ও শাজাহানপুর উপজেলার ১০ পরিবারের নারীরা সেলাই মেশিন পেয়েছেন।
উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাস, সাবেক তাঁতী সম্পাদক তৌহিদুল ইসলাম বিটু, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল বাশার, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার, জেলা বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, সৈয়দ আব্দুল গফুর দারা, আলি মুররাজি তরুণ, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিকুর রহমান মজনু, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমু, হাসানুজ্জামান পলাশ, মতিন কাজী, খায়রুজ্জামান জিয়া, সোহেল শাহরিয়ার, সোহেল রানা সুমন, রাঙ্গা, মুন্না, অভি, নাহিদ, আরিফিন প্রমুখ।
এদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

