সিরাজগঞ্জের রায়গঞ্জে সাত বছরের শিশু ছোঁয়ামনিকে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় নিহতের ফুপাতো ভাই মো. মনিরুল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকালে গাজীপুরের চৌরাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে বিকালে রায়গঞ্জ আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
গ্রেপ্তারকৃত জিহাদ উল্লাপাড়া উপজেলার হাওড় গ্রামের মো. জিল্লুর রহমানের ছেলে। নিহত ছোঁয়া মনি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমুড়া গ্রামের সুমন শেখের মেয়ে।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হক রতন জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছে জিহাদ।
সে জানায়, বুধবার (২০ আগস্ট) সকালে মাদ্রাসা থেকে ফেরার পথে ছোঁয়া মনিকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি পরিবারকে বলে দেয়ার হুমকি দিলে প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেটের দেয়ালে আছড়ে হত্যা করা হয় ছোঁয়াকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

