বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে আজ

মিরপুরে কৌশল, অভিজ্ঞতা ও কন্ডিশনের লড়াই

স্পোর্টস রিপোর্টার

মিরপুরে কৌশল, অভিজ্ঞতা ও কন্ডিশনের লড়াই

বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে।

পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়েছে।

বিজ্ঞাপন

অতএব, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাবে!

তবে যুক্তিবিদ্যার এমন সরল উপাত্ত দিয়ে আর যা-ই হোক, ক্রিকেটের হিসাব মেলানো ভুল। ক্রিকেটে দিন শেষে একটাই যুক্তি ‘পারফরম্যান্স’।

অস্ট্রেলিয়া সিরিজের আগে বাংলাদেশের ফোকাসও আপাতত তাই। পেছনের তিনটি ওয়ানডে সিরিজ দক্ষতার সঙ্গে জিতেছে বাংলাদেশ। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে মাঠে নামার আগে সে আত্মবিশ্বাস অবশ্যই রয়েছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দলের। তবে দলটি যেহেতু অস্ট্রেলিয়া, তাই পেছনের পরিসংখ্যান নিয়ে মাথা ঘামানোর চেয়ে সহজ যুক্তি হবে মাঠের পারফরম্যান্সে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখানো। সে চিন্তা এবং সাম্প্রতিক সময় ওয়ানডে ক্রিকেটে ভালো পারফরম্যান্সের যোগফল ‘আত্মবিশ্বাস’ নিয়েই আজ মাঠে নামছে বাংলাদেশ।

আজ বেলা ১১টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে দুদল। এ সিরিজ ঘিরে দুদলই প্রস্তুত নিজেদের লক্ষ্য পূরণে। স্বাগতিক বাংলাদেশ যেমন ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সিরিজ জিততে চায়, তেমনি অস্ট্রেলিয়া চায় নতুন নেতৃত্ব ও পুনর্গঠিত দল নিয়ে জয়ের ধারায় ফিরতে।

গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, দলের প্রধান লক্ষ্য ধারাবাহিকতা ধরে রাখা এবং সাম্প্রতিক সাফল্যকে আরো বড় মঞ্চে নিয়ে যাওয়া। মিরাজ বলেন, ‘আমরা দল হিসেবে চিন্তা করছি, ওরা যে দল নিয়ে এসেছে-সেটাও অনেক ভালো এবং শক্তিশালী। আমরা ওদের নিয়ে বেশি চিন্তা না করে নিজেদের জায়গা থেকে পারফর্ম করার চেষ্টা করব। সবাই অনেক ফর্মে আছে। আমাদের একটাই পরিকল্পনা, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, ম্যাচ জিততে হবে।’

অন্যদিকে দলের নিয়মিত অধিনায়ক মিচেল মার্শের অনুপস্থিতিতেই নেতৃত্বের দায়িত্ব পাওয়া জস ইংলিস বলেছেন, দলটি কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া খেললেও সুযোগটি তরুণদের জন্য নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ। তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার পাশাপাশি এ সিরিজকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন, ‘আমার মনে হয় বাংলাদেশের বিপক্ষে খেলাটা সব সময়ই চ্যালেঞ্জিং। তারা খুবই ভারসাম্যপূর্ণ একটি দল। স্বাভাবিকভাবেই তারা নিজেদের ঘরের মাঠের কন্ডিশনে খেলছে। আমাদের অনেকেই আগে এখানে আসেনি। আমার মনে হয় এটি একটি দারুণ সিরিজ হতে যাচ্ছে।’

সাম্প্রতিক পারফরম্যান্সের দিক থেকে বাংলাদেশ তুলনামূলকভাবে আত্মবিশ্বাসী অবস্থানে আছে। মিরাজের নেতৃত্বে দলটি ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই ভারসাম্য খুঁজে পেয়েছে, যা তাদের এগিয়ে রাখছে এ সিরিজের আগে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে শুরুর পর একের পর এক তিনটি সিরিজ জিতেছে বাংলাদেশ। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে অধিনায়ক হিসেবে নিজের তৃতীয় টানা ওয়ানডে সিরিজ জয়ও উদযাপন করেছেন মিরাজ।

মিরপুরের উইকেট সাধারণত ধীরগতির এবং স্পিন সহায়ক হিসেবে পরিচিত। তবে আগের সিরিজে দেখা গেছে ভিন্নরূপ। তাতে পেসাররাই সুবিধা পেয়েছেন বেশি। গতকাল মিরপুরের উইকেটের বর্ণ খানিকটা বাদামি দেখা গেছে। পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজের উইকেটে ছিল ঘাসের ছোঁয়া। দারুণ স্পোর্টিং উইকেটেরও দেখা মিলেছিল। এবারও দলের মানসিকতার কথা মাথায় রেখেই প্রস্তুত করা হচ্ছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট। দূর থেকে দেখে যদিও উইকেটের ঘাসের উপস্থিতি ততটা বোঝা যাচ্ছে না, তবে মাঠ-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, উইকেটে রাখা হয়েছে চার মিলিমিটার ঘাস। সঙ্গে আর্দ্রতা ধরে রাখতে তীব্র রোদের মধ্যে উইকেট ঢেকে দেওয়া হয়েছে চাটাই ও হোভার কাভার দিয়ে। আজ ম্যাচ শুরুর আগ মুহূর্তে উইকেটের ঘাস ছেঁটে তিন মিলিমিটার করা হবে। তাতে উইকেট স্পোর্টিং থাকবে বলে জানা গেছে।

ওয়ানডে ইতিহাসে দুদলের মুখোমুখি পরিসংখ্যানেও অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া এ পর্যন্ত ২২টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ২০টিতে এবং বাংলাদেশ জিতেছে একটি ম্যাচে; অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলেছে এবং ঘরের মাঠে কয়েকটি ম্যাচে শক্ত প্রতিরোধ গড়েছিল। ফলে কাগজে-কলমে এগিয়ে থাকলেও মাঠের বাস্তবতায় ভিন্ন চিত্র দেখা যেতে পারে।

সব মিলিয়ে এ সিরিজটি শুধু জয়-পরাজয়ের লড়াই নয়, বরং দুদলের ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাও। বাংলাদেশ চাইবে ঘরের মাঠে আধিপত্য ধরে রাখতে, আর অস্ট্রেলিয়া চাইবে নতুন কম্বিনেশন নিয়ে নিজেদের শক্তি যাচাই করতে। বিশ্বকাপ সুপার লিগের বাইরে হলেও দুদলের জন্যই এ সিরিজ গুরুত্বপূর্ণ, বিশেষ করে ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে নিজেদের সেরা সমন্বয় খুঁজে বের করার ক্ষেত্রে। ফলে মিরপুরে শুরু হতে যাওয়া এ সিরিজে প্রতিটি ম্যাচই হতে পারে উত্তেজনা ও কৌশলের নতুন গল্প।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন