উদ্বোধনী ম্যাচে রেফারি ব্রাজিলের উইলটন সাম্পাইও

স্পোর্টস ডেস্ক

উদ্বোধনী ম্যাচে রেফারি ব্রাজিলের উইলটন সাম্পাইও

অপেক্ষা শেষ হচ্ছে ফুটবলপ্রেমীদের। অবশেষে পর্দা উঠতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ ২০২৬ ফিফা বিশ্বকাপের। বহুল প্রতীক্ষিত এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচসহ প্রথম চার ম্যাচের রেফারির নাম চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
আসন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকাতে অনুষ্ঠিতব্য এই হাই ভোল্টেজ ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন লাতিন আমেরিকার অন্যতম অভিজ্ঞ ও প্রভাবশালী রেফারি ব্রাজিলের উইলটন সাম্পাইও।
ফিফার ঘোষণা অনুযায়ী উদ্বোধনী ম্যাচে সাম্পাইওকে মাঠের দুই প্রান্তে সহকারী হিসেবে সাহায্য করবেন তার স্বদেশি দুই সহকারী রেফারি ব্রুনো পিরেস ও ব্রুনো বোসচিলিয়া। এছাড়া চতুর্থ অফিসিয়াল হিসেবে থাকবেন প্যারাগুয়ের হুয়ান গ্যাব্রিয়েল বেনিতেজ আর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন কলম্বিয়ার নিকোলাস গ্যালো।
মেক্সিকো জাতীয় দলের (এল ট্রি) ম্যাচ পরিচালনার ক্ষেত্রে এটি সাম্পাইওর দ্বিতীয় অভিজ্ঞতা হতে যাচ্ছে। এর আগে ২০১৬ সালে অনুষ্ঠিত শতবর্ষী কোপা আমেরিকা টুর্নামেন্টে তিনি প্রথমবার মেক্সিকোর ম্যাচ পরিচালনা করেছিলেন। ২০১৮ (রাশিয়া) এবং ২০২২ (কাতার) বিশ্বকাপের পর এটি সাম্পাইওর টানা তৃতীয় বিশ্বকাপ।
উদ্বোধনী ম্যাচ ছাড়াও প্রথম দিনের অন্যান্য ম্যাচেও থাকছেন অভিজ্ঞ সব রেফারি। দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচ পরিচালনা করবেন মিসরের আমিন মোহাম্মদ। অন্যদিকে স্বাগতিক কানাডার প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বাঁশি মুখে নামবেন আর্জেন্টিনার ফাকুন্দো তেল্লো। আর লস অ্যাঞ্জেলেসে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের মধ্যকার হাইপ্রোফাইল ম্যাচটির দায়িত্বে থাকবেন নেদারল্যান্ডসের নামি রেফারি ড্যানি মাক্কেলি।
মাঠের লড়াই শুরুর আগেই রেফারি প্যানেলের এ ঘোষণা বিশ্বকাপের আবহকে আরো জমজমাট করে তুলেছে। এখন দেখার বিষয়, বিশ্বমঞ্চের এই চরম উত্তেজনাকর ম্যাচগুলোতে রেফারিরা কতটা সফলভাবে তাদের দায়িত্ব পালন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...