ফুটবল বিশ্বকাপ মানেই টানটান উত্তেজনা, মাঠের লড়াই আর রেকর্ডের ভাঙা-গড়া। তবে এবারের বিশ্বকাপ ফুটবলপ্রেমীদের জন্য নিয়ে আসছে এক অনন্য ও আবেগঘন রোমাঞ্চ। মাঠের চিরপ্রতিদ্বন্দ্বী দেশগুলোর লড়াইয়ের পাশাপাশি এবার ফুটবল বিশ্ব সাক্ষী হতে যাচ্ছে ভাইয়ে-ভাইয়ে লড়াই ও মিলনের এক অভূতপূর্ব দৃশ্যের। চোট ও দলবদল মিলিয়ে এবারের বিশ্বমঞ্চ কাঁপাতে প্রস্তুত মোট সাত জোড়া ভাই।
বিশ্বকাপের ইতিহাসে একই মায়ের দুই সন্তানের ভিন্ন দুটি দেশের জার্সি গায়ে মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে মাত্র দুবার। তবে মজার ব্যাপার হলো, দুবারই মুখোমুখি হয়েছিলেন একই জোড়া ভাই—জেরোম বোয়াটেং ও কেভিন-প্রিন্স বোয়াটেং। ২০১০ বিশ্বকাপে জার্মানির জেরোম মুখোমুখি হয়েছিলেন ঘানার জার্সি পরা বড় ভাই কেভিনের। ২০১৪ বিশ্বকাপেও গ্রুপ পর্বে ২-২ গোলে ড্র হওয়া সেই বিখ্যাত ম্যাচে আবারও মুখোমুখি হন এই দুই ভাই।
এবারের বিশ্বকাপে প্রাথমিকভাবে আট জোড়া ভাইয়ের অংশ নেওয়ার কথা থাকলেও, নেদারল্যান্ডসের জুরিয়েন টিম্বার চোটের কারণে ছিটকে যাওয়ায় সংখ্যাটি এখন ‘সাত জোড়া’। এর মধ্যে তিন জোড়া ভাই লড়বেন একই দেশের হয়ে, আর বাকি চার জোড়া ভাই প্রতিনিধিত্ব করছেন ভিন্ন ভিন্ন দেশের।
একই পতাকার নিচে জোড়া ভাই
নিজ নিজ দলের হয়ে বিশ্বজয়ের স্বপ্নে মাঠে নামবেন তিন জোড়া ভাই। এদের মধ্যে বিশ্বসেরা তারকা যেমন আছেন, তেমনি আছেন বিশ্বকাপে অভিষিক্ত দলের সদস্যরাও। ফরাসি দলে রক্ষণভাগ সামলাবেন তারকা দুই ভাই থিও হার্নান্দেজ ও লুকাস হার্নান্দেজ। বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পাওয়া কেপ ভার্দে দলে আছেন লারোস দুয়ার্তে ও দেরয় দুয়ার্তে। অন্যদিকে কুরাসাও দলের হয়ে মাঠ কাঁপাবেন লিয়ান্দ্রো বাকুনা ও জুনিনিও বাকুনা।
গ্রুপ পর্বের সূচি অনুযায়ী এই মুহূর্তে ভিন্ন দলে থাকা ভাইদের মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা না থাকলেও, নক-আউট বা পরবর্তী পর্বে যেকোনো সময় তৈরি হতে পারে বোয়াটেং ভাইদের মতো রোমাঞ্চকর দ্বৈরথ।
গুয়েলা দুয়ে (আইভরিকোস্ট) ও দেজিরে দুয়ে (ফ্রান্স)
দুই ভাইয়ের জন্ম ফ্রান্সে হলেও বড় ভাই গুয়েলা বেছে নিয়েছেন বাবার জন্মভূমি আইভরিকোস্টকে। সম্প্রতি এক প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে গুয়েলা গোল করেন, যা গ্যালারিতে বসে দেখেন দেজিরে। ম্যাচ শেষে গুয়েলা বলেন, ‘ম্যাচের আগে আমরা খুনসুটি করেছি, তবে দিনশেষে আমরা এক পরিবার এবং আমরা একে অপরের জন্য ভীষণ খুশি।’
ইনাকি উইলিয়ামস (ঘানা) ও নিকো উইলিয়ামস (স্পেন)
স্পেনের বাস্ক প্রদেশে জন্ম নেওয়া এই দুই ভাইয়ের গল্পটা বেশ চমৎকার। ৩২ বছর বয়সি বড় ভাই ইনাকি খেলছেন বাবা-মায়ের জন্মভূমি ঘানার হয়ে, আর ২৩ বছর বয়সি ছোট ভাই নিকো বর্তমান স্পেনের অন্যতম বড় তারকা।
ডেরিক লাকাসেন (ঘানা) ও ব্রায়ান ব্রবি (নেদারল্যান্ডস)
এই দুই ভাইয়ের মা একই হলেও বাবা ভিন্ন। ডেরিক খেলবেন ঘানার রক্ষণভাগে, আর ব্রায়ান থাকছেন নেদারল্যান্ডসের ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে।
হ্যারি সউতার (অস্ট্রেলিয়া) ও জন সউতার (স্কটল্যান্ড)
স্কটল্যান্ডের অ্যাবেরডিনে জন্ম নেওয়া এই দুই ভাইয়ের মা অস্ট্রেলিয়ান। দুই বছরের ছোট হ্যারি সাত বছর আগে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে সকারুজদের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন, আর বড় ভাই জন খেলছেন স্কটল্যান্ডের হয়ে।
আগামীকাল থেকে পর্দা উঠছে ফুটবলের এই মহাযজ্ঞের। গ্যালারিতে থাকা মা-বাবাদের জন্য এটি এক মিশ্র অনুভূতির বিশ্বকাপ। একদিকে একই জার্সিতে দুই ছেলের জয় দেখার আনন্দ, অন্যদিকে ভিন্ন দেশের হয়ে দুই ছেলের মুখোমুখি লড়াইয়ের আশঙ্কা। ফুটবল মাঠের এই পারিবারিক ড্রামা দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো বিশ্ব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

