আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

ইরানের ইসলামী বিপ্লবের নেতা শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান মহররমের প্রথম দশক শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তার স্মরণে গঠিত কেন্দ্রীয় কমিটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে কমিটি জানায়, শহীদ নেতার পাশাপাশি তার পরিবারের সদস্যদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানগুলোর প্রস্তুতি চলছে। মর্যাদাপূর্ণ পরিবেশে বিদায়, জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিবৃতিতে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে অনুষ্ঠানসংক্রান্ত সময়সূচি ও অন্যান্য তথ্য নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন এবং যাচাইবিহীন খবরের বিষয়ে সতর্ক করা হয়েছে। কমিটির ভাষ্য, এসব তথ্যের কোনো ভিত্তি নেই এবং এতে অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছুক মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

কমিটি জানায়, ইমাম হুসাইনের (আ.) শোকানুষ্ঠানের প্রতি শহীদ নেতার গভীর শ্রদ্ধার বিষয়টি বিবেচনায় নিয়ে আশুরার শোকপর্ব শেষ হওয়ার পরই জানাজা ও দাফনের আয়োজন করা হবে। পাশাপাশি ইরান ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে পালিত মহররমের ধর্মীয় কর্মসূচির প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শোকাহত জনগণের অংশগ্রহণ এবং তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভিন্ন গণসংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অনুষ্ঠানগুলোর সময়সূচি ও সার্বিক ব্যবস্থাপনা চূড়ান্ত করা হচ্ছে। বিস্তারিত কর্মসূচি পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলায় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং বহু বেসামরিক নাগরিক নিহত হন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র: মেহের নিউজ

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...