আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডিএমপির নতুন কমিশনার পদে আলোচনায় তিনজন

আল-আমিন

ডিএমপির নতুন কমিশনার পদে আলোচনায় তিনজন

নতুন আইজিপি নিয়োগের পর এবার পুলিশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ইউনিটের প্রধান ডিএমপি কমিশনার পদে নিয়োগ নিয়ে চলছে ব্যাপক তোড়জোড়। পুলিশের সবচেয়ে বড় এ ইউনিটের নিয়োগপ্রত্যাশীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে আনাগোনা বেড়েছে। এ কর্মকর্তারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রত্যাশিত পদায়ন ও পদোন্নতি না পাওয়াসহ আরো অনেক বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা চালাচ্ছেন। গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করার পর এ পদে শিগগির নতুন মুখ দেখা যাবে বলে নিশ্চিত করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, নতুন ডিএমপি কমিশনার পদে তিনজন অতিরিক্ত আইজিপির মধ্যে যেকোনো একজন হওয়ার সম্ভাবনা বেশি। তারা হলেন—অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস্ অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ্ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজিপি (এইচআরএম ও ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন এবং অতিরিক্ত আইজিপি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের এক অতিরিক্ত ডিআইজি গতকাল বুধবার জানান, খুব শিগগির ডিএমপি কমিশনার পদায়ন করা হবে। ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে।

ডিএমপির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন ডিএমপি কমিশনার হওয়ার জন্য আগ্রহীরা বিভিন্ন স্থানে যোগাযোগ শুরু করেছেন। তারা নিজেদের বায়োডাটা সংশ্লিষ্ট মহলে বিস্তারিত আকারে তুলে ধরছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নতুন ডিএমপি কমিশনার বাছাইয়ের ক্ষেত্রে পুলিশিং বোঝেন এমন কর্মকর্তাকে দায়িত্ব দিতে যাচ্ছে।

জানা গেছে, নতুন ডিএমপি কমিশনার হিসেবে পদায়নের ক্ষেত্রে এগিয়ে আছেন মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি পুলিশ সদর দপ্তরে লজিস্টিকস্ অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন শাখায় দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি ও পদায়ন পান। ২০২৫ সালের মে মাসে ১২ কর্মকর্তার সঙ্গে তিনিও অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। তিনি ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তিনি সে সময় ডিএমপিতে ডিসি হিসেবে কর্মরত ছিলেন। একজন সৎ, দক্ষ ও যোগ্য পুলিশ অফিসার হিসেবে বাহিনীতে তার সুনাম রয়েছে।

সূত্র জানায়, ডিএমপি কমিশনার হিসেবে আলোচনায় আছেন বাগেরহাটের বাসিন্দা অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন। তিনিও ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে (এইচআরএম ও ডেভেলপমেন্ট) কর্মরত। এর আগে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক এই শিক্ষার্থীর মাঠপর্যায়ে অপারেশন পরিচালনায় দক্ষতা রয়েছে।

সূত্র জানায়, ডিএমপি কমিশনার হওয়ার ক্ষেত্রে আরেকজন এগিয়ে আছেন। তিনি শরীয়তপুরের বাসিন্দা হাসিব আজিজ। তিনিও ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ২০০২ সালে তিনি ঝিনাইদহে অতিরিক্ত এসপির দায়িত্ব পালন করেছেন। ২০০৪ সালে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশে কর্মরত ছিলেন। ২০০৬ সালে তিনি ফেনীর এসপি হিসেবে দায়িত্ব পালন করেন। এই কর্মকর্তা আইজিপি হওয়ার ক্ষেত্রে এগিয়েছিলেন। তবে তাকে এবার ডিএমপি কমিশনার পদে পদায়ন করা হতে পারে বলে জানা গেছে।

পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট ডিএমপি পরিচালনার জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ অফিসার খুঁজছে সরকার। ডিএমপিতে প্রায় ৩২ হাজার পুলিশ সদস্য কর্মরত। এছাড়া রাজধানী ঢাকার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা ঠিক রাখা ডিএমপি কমিশনারের জন্য প্রতিনিয়ত চ্যালেঞ্জ হিসেবে থাকে। সেদিক বিবেচনা করে ডিএমপিতে নতুন কমিশনার নিয়োগ দেবে সরকার।

সূত্র জানায়, নতুন সরকার ক্ষমতায় আসার পর আগামী দিনের মাঠের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সরকারকে সহযোগিতা করতে পারেন—এমন একজন আস্থাভাজন ডিএমপি কমিশনার খুঁজছে বর্তমান সরকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...