সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাজারে আসল নোটের আদলে তৈরি ‘নমুনা নোট’ বা কাগজ ব্যবহার করে বিভিন্ন প্রচারণার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় অপরাধ এবং এর ফলে বাজারে জাল নোটের ঝুঁকি বাড়ছে।
রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (যেমন: ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব) বেশ কিছু ভিডিও চিত্র বা ছবি দেখা যাচ্ছে; যেখানে আসল নোটের ডিজাইন ও আকারের একই রকম দেখতে কোনো আসল নোটের তুলনায় বড় আকারের ‘নমুনা নোট’ ব্যবহার করে নিজস্ব মার্কেটিং প্রচারণা চালানো বা কন্টেন্ট প্রস্তুত করা হচ্ছে।
এছাড়া, বাজারে বা উন্মুক্ত স্থানে আসল টাকার আদলে তৈরি কাগজ ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রচারণা পরিচালনার ঘটনাও লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড জাল নোটের প্রচলন বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনাককে অস্তিত্বশীল করছে।
তবে আসল নোট সদৃশ কাগজ তৈরি, প্রচার কার্যক্রমে ব্যবহার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও চিত্র প্রস্তুত করে প্রদর্শন আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ৪৮৯(ঙ) অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এ ধরনের নথি, কাগজ বা বস্তু প্রস্তুত, ব্যবহার বা বিতরণ করে; যা প্রচলনে থাকা ব্যাংক নোট সদৃশ এবং বিভ্রান্তি সৃষ্টি করতে সক্ষম, তবে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে ডিজিটাল মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর বা গুজবমূলক তথ্য প্রচারের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর ধারা ২৫ অনুসারে শাস্তযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
এ পরিস্থিতিতে জনসাধারণকে জাল নোট প্রচলন প্রতিরোধে আরও সতর্কতা অবলম্বনের পাশাপাশি এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বা কন্টেন্ট তৈরি এবং অননুমোদিত কর্মকাণ্ড সংগঠন ও প্রচারণা থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন। নোটের ব্যবহারে যত্নশীল হোন এবং আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে ভিজিট করুন: https://www.bb.org.bd/en/index.php/currency/note।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

