আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘অ্যাসাইকুডা সিস্টেম’র তথ্য ব্যবহার বাধ্যতামূলক করল এনবিআর

আমার দেশ অনলাইন

‘অ্যাসাইকুডা সিস্টেম’র তথ্য ব্যবহার বাধ্যতামূলক করল এনবিআর

করদাতাদের আমদানি করা পণ্যের দাম এবং আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর পরিশোধের প্রকৃত তথ্যাদি অ্যাসাইকুডা সিস্টেমের অ্যাসাইকুডা সিস্টেম বিজনেস ইন্টিলিজেন্স (বিআই) সার্ভার থেকে সংগ্রহ করে তার ভিত্তিতে আয়কর নির্ধারণের জন্য নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

বিজ্ঞাপন

এ লক্ষ্যে বুধবার (৪ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনুবিভাগের অধীনস্ত কর অঞ্চলসমূহের জন্য একটি আদেশ জারি করা হয়েছে। উক্ত আদেশে আয়কর কর্মকর্তাদের জন্য অ্যাসাইকুডা সিস্টেম-এর বিজনেস ইন্টিলিজেন্স (বিআই) সার্ভার ব্যবহার পদ্ধতি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অডিটের জন্য কর মামলা নির্বাচনকালে অথবা আয়কর আইন অনুযায়ী পরিদর্শী যুগ্ম/অতিরিক্ত কর কমিশনার কর্তৃক কর মামলা পুনঃউন্মোচনের জন্য অনুমোদন প্রদানকালে অথবা পরিদর্শী রেঞ্জ কর্মকর্তা কর্তৃক ত্রুটিপূর্ণ করাদেশ সংশোধণের আদেশ প্রদানকালে পরিদর্শী রেঞ্জ কর্মকর্তাগণ অ্যাসাইকুডা সিস্টেম-এর বিজনেস ইন্টিলিজেন্স (বিআই) সার্ভার হতে সংশ্লিষ্ট করদাতা আমদানিকারক হলে তার আমদানিকৃত পণ্যের দাম এবং আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর পরিশোধের প্রকৃত তথ্যাদি সংগ্রহ করে কর নির্ধারণের দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করবেন।

কর কমিশনার এবং পরিদর্শী রেঞ্জ কর্মকর্তাগণ পূর্ব নির্ধারিত (আইপি বাউন্ডেড) কম্পিউটার থেকে অ্যাসাইকুডা সিস্টেম-এর বিজনেস ইন্টিলিজেন্স (বিআই) সার্ভারে লগ-ইন করতে পারবেন। উক্ত সার্ভারে লগ-ইন করে করদাতার আমদানিসংক্রান্ত যে তথ্য সংগ্রহ করা হয়েছে, পরিদর্শী রেঞ্জ কর্মকর্তাদের তার তথ্যাদি সুনির্দিষ্ট রেজিস্টারে নিয়মিতভাবে লিপিবদ্ধ করতে হবে। প্রাথমিকভাবে কর নির্ধারণী কর্মকর্তাদের অ্যাসাইকুডা সিস্টেম-এর বিজনেস ইন্টিলিজেন্স (বিআই) সার্ভার থেকে সরাসরি তথ্য সংগ্রহের সুবিধা না দিয়ে পরিদর্শী রেঞ্জ কর্মকর্তাদের মাধ্যমে তথ্য সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে।

অ্যাসাইকুডা সিস্টেম-এর বিজনেস ইন্টিলিজেন্স (বিআই) সার্ভার থেকে তথ্য সংগ্রহের সুবিধা

আয়কর মামলা নিষ্পত্তিকালে করদাতাগণ কর্তৃক আমদানিকৃত পণ্যের পরিমাণ, আমদানি মূল্য এবং আমদানি পর্যায়ে সংগৃহীত অগ্রীম আয়করের প্রকৃত তথ্য সিস্টেম থেকে অতি সহজেই যাচাই করা সম্ভব হবে, সম্পূর্ণ স্বচ্ছ ও নির্ভুল প্রক্রিয়ায় আমদানি পর্যায়ে সংগৃহীত অগ্রিম আয়কর ক্রেডিট দেওয়া যাবে, কর ফাঁকি রোধের মাধ্যমে কর আদায় বাড়বে, আয়কর মামলা নিষ্পত্তি দ্রুততর হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে, আয়কর ফেরত প্রক্রিয়া স্বচ্ছ, সহজ ও দ্রুত হবে।

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক গৃহীত এ উদ্যোগ কাস্টমস এবং আয়কর বিভাগের মধ্যে তথ্য আদান-প্রদানের নতুন যুগের সূচনা করেছে। এ কার্যক্রম সফল হলে কর নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে বিধায় ব্যবসায়ীর অহেতুক হয়রানি কমবে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড আশা করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...