গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোঃ আজিজুল ইসলাম বিগত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর চেয়ারম্যান হিসেবে যোগদান করেন । যোগদান করেই তিনি সংস্থার বিভিন্ন উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ।
এ সময় তিনি বলেন যে, বিএডিসি এমন একটি প্রতিষ্ঠান যেটি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত । দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বর্তমানে কৃষি খাতের অবদান প্রায় ১২% । সুতরাং কৃষির উন্নয়নে অগ্রযাত্রা ও এর টেকসইরূপ নিশ্চিতকরণে বিএডিসিকে আরো কার্যকরভাবে কৃষি উপকরণ সরবরাহসহ অন্যান্য অত্যাবশ্যকীয় সেবা কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
বিএডিসি যে তিনটি উপকরণ তথা বীজ, সার ও সেচ সুবিধা কার্যক্রমে দায়িত্ব পালন করে যাচ্ছে এগুলোর প্রত্যেকটিই সংবেদনশীল ও কৃষকের নিত্য অনুষঙ্গ। তিনি বিএডিসির প্রত্যেক কর্মকর্তাকে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি পূরণে স্বচ্ছতা ও পেশাদারিত্ব মনোভাব নিয়ে কাজ করার ক্ষেত্রেও নির্দেশনা প্রদান করেন ।
এরই ধারাবাহিকতায় বিগত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকার গাবতলীতে বিএডিসির মাধ্যমে বাস্তবায়নাধীন ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্রকল্পের কার্যক্রম, নির্মাণাধীন প্রি-ফেব্রিকেটেড সার গুদামসহ গাবতলীর আমিন বাজারে বিএডিসি’র সার লোডিং-আনলোডিং কার্যক্রম পরিদর্শন করেন ।
পরিদর্শনকালে তিনি বলেন যে, নির্মাণাধীন সার গুদাম কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে সার সংরক্ষণের দ্রুত উদ্যোগ গ্রহণ করতে হবে এবং বিভিন্ন ঘাট হতে দেশের বিভিন্ন অঞ্চলের নির্ধারিত গুদামে সার পরিবহণের কাজটি যথাসময়ে সম্পাদন করতে হবে।
পরবর্তীতে চেয়ারম্যান “বৃহত্তর ঢাকা সেচ এলাকা উন্নয়ন” প্রকল্পের মাধ্যমে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুরে ক্ষেত্রায়িত সৌরশক্তি চালিত লো-লিফট পাম্প এবং জামিত্তা ইউনিয়নে পুনঃখননকৃত চাপরাইল খাল পরিদর্শন করে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন ।
তিনি বলেন যে, বর্তমান সরকারের কর্মপরিকল্পনা অনুযায়ী সেচ সুবিধা কার্যক্রম সম্প্রসারণে দেশের বিভিন্ন অঞ্চলে খাল পুনঃখননের উদ্যোগ পর্যায়ক্রমে গ্রহণ করা হবে । পুনঃখননের পূর্বে উপকারভোগী কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সঠিকভাবে খাল নির্বাচনের বিষয়টিও নিশ্চিত করতে হবে । পরিদর্শনকালে সংশ্লিষ্ট সদস্য পরিচালক, প্রকল্প পরিচালকসহ বিএডিসি’র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

