আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অর্থনীতিতে সরকারের ভুল না ধরে অন্তর্দৃষ্টিতে দেখুন: অর্থ উপদেষ্টা

অর্থনৈতিক রিপোর্টার

অর্থনীতিতে সরকারের ভুল না ধরে অন্তর্দৃষ্টিতে দেখুন: অর্থ উপদেষ্টা
ফাইল ছবি

সরকারের শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভাল বিষয়গুলোও দেখার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সরকারের ভাল বিষয় আছে সেগুলোকে অন্তর্দৃষ্টি দিয়ে দেখার পরামর্শ দেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদর দপ্তরে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, অনেকে আমার জুনিয়র অর্থনীতিবিদ আছেন যারা শুধু সরকারের নেতিবাচক আর ভুল বিষয়গুলোই দেখেন। সরকারের ভুল যে নাই তা না, সরকারের ভুল আছে, সংশোধন করা যাবে।

এসময় ২০২৫-২৬ কর বছরের ই রিটার্নের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ডিজিটাইজেশনের ফলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরা ও ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্নের উদ্বোধন উপলক্ষ্যে এ সেমিনারের আয়োজন করে এনবিআর।

সেমিনারে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা।

সালেহউদ্দিন আরও বলেন, আমরা অনেক ভুল করি, ঠিক আছে। তবে ভালো কাজগুলোকে উৎসাহ দিলে ভালো লাগে। যা হোক, আপনাদের স্বাধীনতা আছে, আপনারা বলতে পারেন।

সরকারের সমালোচনার পাশাপাশি সাফল্যও প্রচার করার দাবি জানিয়ে তিনি বলেন, সূক্ষ্ম বিষয় থাকতে পারে। 'গ্লাসের অর্ধেক না দেখে, পানি ভর্তি উপরের দিকে তাকান। শুরুই যদি করেন অনেক কিছু বাকী আছে, অনেক কিছুই নাই। তাহলে আমি ফ্যাসিস্টের পথে চলে গেছি।

ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা বলেন, বাজেটের পর একটি সংবাদ সম্মেলন করে সরকার। কিন্তু রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বলা হয়না কী ধরনের পরিবর্তন হয়েছে। কোনটা ভাল, কোনটা খারাপ সেটা বেসরকারি খাত থেকে আমরা শুনি, এর মধ্যে অনেক ভুলও হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন