গণতান্ত্রিক চেতনা, জনগণের প্রত্যাশা ও অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (২০২৬) এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) শিক্ষক সমিতি আনন্দিত ও উদ্বেলিত।
১৮ ফেব্রুয়ারি (বুধবার) শিক্ষক সমিতির ২০২৬ এর কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এক অভিনন্দন বার্তায় গাকৃবি শিক্ষক সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। অভিনন্দন বার্তায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, জনগণের রায়ে গঠিত নতুন সরকার দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনখাতে যুগান্তকারী ইতিবাচক পরিবর্তন আনবে এটাই সবার প্রত্যাশা।
বার্তায় আরও বলা হয়, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদক্ষ ও সুনিপূণ নেতৃত্বে বাংলাদেশের ভূলুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার সুপ্রতিষ্ঠিত হবে যার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি দেশব্যাপী সুশাসনের সুবাতাস প্রবাহমান থাকবে। গণতন্ত্রের এ রক্তিম বিজয়ে দেশের জনগণের আস্থা ও অবিচল বিশ্বাসের শতভাগ পূরণ করবে তারেক রহমানের এ সরকার এমন আশাবাদও ব্যক্ত করেন তারা।
এ প্রসঙ্গে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, “নতুন সরকার শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে এটাই আমাদের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, একাডেমিক স্বাধীনতা এবং গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি পেলে তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকশিত হবে। একই সঙ্গে কর্মসংস্থানমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আমরা বিশ্বাস করি।”
অন্যদিকে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বলেন, “গণরায়ের মাধ্যমে গঠিত নতুন সরকার দেশের উন্নয়ন ও কল্যাণে একটি ইতিবাচক অধ্যায় সূচনা করবে এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষা ও গবেষণাকে জাতীয় অগ্রাধিকারের কেন্দ্রে রেখে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”
প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জন-আকাক্সক্ষা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে শিক্ষক সমিতি গভীর আশাবাদ ব্যক্ত করেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নবগঠিত সরকারের সার্বিক সফলতা, স্থিতিশীলতা ও কল্যাণমুখী কর্মকাণ্ড কামনা করে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

