হলে সিট দখল ও বহিরাগত ওঠানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ানোর অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান সাংগঠনিক পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। রক্তাক্ত ঘটনায় নিজ দলের এক কর্মীর নাক ফাটানোর অভিযোগ ওঠার পর কেন্দ্রীয় সংসদ এ সিদ্ধান্ত নেয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিককে দুই মাসের জন্য তার সাংগঠনিক পদ থেকে স্থগিত করা হয়েছে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে আরও রয়েছেন যুগ্ম আহ্বায়ক ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তরিকুল এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিফাত।
ভুক্তভোগীরা হলেন- নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম আবির, অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তোফায়েল আহমেদ নিবিড় এবং একই শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের শিক্ষার্থী সৌরভ কাব্য। তারা সকলেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

