আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চার দলের সেমিফাইনালে রোমাঞ্চকর চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক

চার দলের সেমিফাইনালে রোমাঞ্চকর চ্যালেঞ্জ

উন্মাদনা, রোমাঞ্চ আর উদ্দীপনাÑচলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের লড়াইকে এই তিন বিশেষণেই বিশেষায়িত করা যায়। গ্রুপপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া ভারতের সেমিফাইনালের টিকিটের জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা, জিতেও পাকিস্তানের বিদায়, জিম্বাবুয়ের চমক জাগিয়েও বাড়ির পথ ধরা; কিছুরই কমতি ছিল না। সুপার এইটের সেই উন্মাদনা পেরিয়ে বিশ্বকাপ এবার পা দিল সেমিফাইনালে। আট দলের লড়াই নেমে এলো চার দলে। এবার আরো রোমাঞ্চ, আরো চ্যালেঞ্জিং। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ভারতÑএখন সবার চোখ ফাইনালের টিকিটে।

চার দলের মধ্যে প্রথমে সেরা চার নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ-১ এ শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়ে দাপটের সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স দেখিয়েছে দলটি। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দলও তারা। অন্যদিকে ভারতকে অপেক্ষা করতে হয়েছে শেষ ম্যাচ পর্যন্ত। সুপার এইটের শেষ লড়াইয়ে জয় তুলে নিয়েই নিশ্চিত হয় সেমিফাইনাল। দুই জয় ও এক পরাজয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেরা চারে ওঠে স্বাগতিকরা। শুরুতে কিছুটা চাপ থাকলেও গুরুত্বপূর্ণ সময়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে দলটি।

বিজ্ঞাপন

গ্রুপ-২ এ একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচেই জয় তুলে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে তারা। আগ্রাসী পাওয়ারপ্লে ব্যাটিং এবং ডেথ ওভারে কার্যকর বোলিং—এই দুই শক্তিই তাদের বড় সম্পদ। নিউজিল্যান্ড ও পাকিস্তান সমান পয়েন্ট পেলেও উন্নত নেট রানরেট কিউইদের তুলে দেয় শেষ চারে। হিসেবি ক্রিকেট আর গুরুত্বপূর্ণ মুহূর্তে জয়ের ব্যবধান বাড়ানো—এই কৌশলেই তারা এগিয়েছে।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে এক গ্রুপের চ্যাম্পিয়ন অন্য গ্রুপের রানার্সআপের বিপক্ষে মাঠে নামবে। সেই হিসেবে গ্রুপ-১ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা খেলবে গ্রুপ-২ রানার্সআপ নিউজিল্যান্ডের বিপক্ষে। আর গ্রুপ-২ চ্যাম্পিয়ন ইংল্যান্ড মুখোমুখি হবে গ্রুপ-১ রানার্সআপ স্বাগতিক ভারতের। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার, ইডেন গার্ডেন্সে। সেখানে লড়বে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনাল হবে ৫ মার্চ, ওয়াংখেড়ে স্টেডিয়ামে, যে ম্যাচে ভারত চ্যালেঞ্জ ছুড়ে দেবে ইংল্যান্ডকে। দুই সেমিফাইনালের বিজয়ীরা মুখোমুখি হবে ৮ মার্চের শিরোপা নির্ধারণী ফাইনালে।

ক্রিকেট অনিশ্চয়তার খেলা। টি-টোয়েন্টির আরো অনিশ্চয়তায় ভরা। এক ম্যাচেই বদলে যেতে পারে সব হিসাব। এখন অপেক্ষা—কারা টিকবে চাপের পরীক্ষায়, আর কারা ছুঁবে ৮ মার্চের শিরোপা।

নকআউট পর্বের সূচি

প্রথম সেমিফাইনাল

দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড

৪ মার্চ, কলকাতা, সন্ধ্যা ৭টা ৩০ মি.

দ্বিতীয় সেমিফাইনাল

ইংল্যান্ড-ভারত

৫ মার্চ, মুম্বাই, সন্ধ্যা ৭টা ৩০ মি.

ফাইনাল

৮ মার্চ, আহমেদাবাদ, সন্ধ্যা ৭টা ৩০ মি.

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন