এএফসি নারী এশিয়ান কাপে অভিষেক হলো বাংলাদেশের। ইতিহাস গড়া ম্যাচে দেশের নারী ফুটবলাররা মুখোমুখি হচ্ছে চীনের। মাঠের লড়াইয়ে আফঈদা-ঋতুপর্ণারা ঠিক নিজেদের মেলে ধরতে পারছেন না। তাই তো প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে গেছে প্রতিপক্ষ চীন।
ম্যাচের তিন মিনিটের ব্যবধানে দুই গোল হজম করেছে বাংলাদেশ। ম্যাচের ৪৪ মিনিটে দূরপাল্লার শটে চীনকে লিড এনে দেন মাঝমাঠের খেলোয়াড় ওয়াং সুয়াং। বক্সের বাইরে থেকে উড়িয়ে মারা তার শট দূরের পোস্ট দিয়ে কাঁপিয়ে দেয় জাল।
লড়াইয়ের ৪৬ মিনিটে বক্সের বাইরে থেকে চীনের মাঝমাঠের খেলোয়াড় ঝ্যাং রুইয়ের নেন নিচু শট। বাংলাদেশের রক্ষণভাগের ফুটবলার ওহাতি কিসকুর পায়ে লেগে বল চলে যায় জালে। তিন মিনিটে আক্রমণে টর্নেডো বইয়ে যাওয়ায় ২-০ গোলে এগিয়ে গেছে চীন।
তার আগে অবশ্য ভিএআরের সিদ্ধান্তে গোল বাতিল হয়েছে চীনের। ম্যাচের ২৪ মিনিটে বাংলাদেশের জালে বল জড়িয়ে ছিলেন চীনা নারীরা। বাঁ প্রান্ত থেকে জিন কুনের আড়াআড়ি শট পেয়ে বক্সের ভেতর থেকে হেডে বল জালে পাঠিয়েছিলেন ওয়াং সুয়াং। মাঠের রেফারি গোলের বাঁশিও বাঁজিয়েছিলেন।
কিন্তু বাধ সাধে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। চার মিনিটেরও বেশি সময় লাগে রিপ্লে দেখতে। মাঠের রেফারি পানসা চাইসেইন্ট মাঠের পাশে ভিডিও মনিটরে রিপ্লে দেখে ভুল বুঝতে পারেন। এ কারণে বাজিয়ে দেন গোল বাতিলের বাঁশি। ওয়াং সুয়াং অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়ে যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

