আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জিতেও শেষ রক্ষা হলো না বার্সেলোনার, ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

জিতেও শেষ রক্ষা হলো না বার্সেলোনার, ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

শিরোপা ধরে রাখার মিশনে লড়াইটা শেষ পর্যন্ত অসম্পূর্ণই রয়ে গেল বার্সেলোনার। ন্যু ক্যাম্পে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৩-০ গোলে জিতেও বিদায় নিয়েছে কাতালানরা। প্রথম লেগে ৪-০ ব্যবধানে জয়ের সুবাদে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

চার গোলের ঘাটতি নিয়ে মাঠে নামা বার্সা শুরু থেকেই ঝাঁপিয়ে পড়ে। ২৯ মিনিটে লামিন ইয়ামালের নিচু ক্রস থেকে গোল করে দলকে আশা দেখান মার্ক বার্নাল। প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা।

বিরতির পরও চাপ ধরে রাখে স্বাগতিকরা। ৭২ মিনিটে জোয়াও কানসেলোর বাড়ানো বল ভলি করে জালে জড়ান বার্নাল, পূর্ণ করেন জোড়া গোল। শেষদিকে একের পর এক আক্রমণে ম্যাচে ফেরার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল বার্সা, তবে আর একটি গোলের দেখা মেলেনি।

ম্যাচজুড়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে টিকিয়ে রাখেন অ্যাটলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসো। অন্য প্রান্তে গ্রিয়েজমানদের কিছু সুযোগ থাকলেও ব্যবধান কমাতে পারেনি সফরকারীরা। তবু প্রথম লেগের বড় জয়ই শেষ পর্যন্ত তাদের রক্ষা করে।

ম্যাচ শেষে মুসো বলেন, এটি হয়তো তাদের সেরা পারফরম্যান্স ছিল না, তবে ১৮০ মিনিটের লড়াই শেষে তারাই ফাইনালে উঠেছে। অন্যদিকে রাফিনহা জানান, দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে তিনি গর্বিত, যদিও ফাইনালে না উঠতে পারায় হতাশা রয়ে গেছে।

আগামী ১৮ এপ্রিলের ফাইনালে অ্যাটলেটিকো মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ অথবা অ্যাথলেটিক বিলবাওয়ের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন