ফিক্সিংকাণ্ডে সন্দেহভাজন হওয়ায় সব শেষ বিপিএলের নিলাম থেকে বাদ পড়েন এনামুল হক বিজয়। ফলে বিপিএলে খেলা হয়নি তার। বিসিএলে ডাক পেলেও পবিত্র ওমরাহ পালন করতে যাওয়ায় নাম প্রত্যাহার করে নেন। এরপরই আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেন এনামুল হক বিজয়। এখানে তিনি বিসিবির বিরুদ্ধে অভিযোগ করেন। পাশাপাশি সম্মান ফেরত না পাওয়া পর্যন্ত ক্রিকেট খেলবেন না বলেও জানান তিনি।
এ নিয়ে আজ বিজয় বলেন, ‘আমাকে যদি তারা প্রপার (প্রমাণ) জিনিস না দেয়, তাহলে আমি ফিরব না। আমার দরকার নেই ক্রিকেট খেলার।’
২০২৪ বিপিএল চলাকালে সন্দেহভাজন তালিকায় উঠে আসে এনামুল হক বিজয়ের নাম। তিনি ছাড়াও ওই তালিকায় ছিল আরো বেশ কজন ক্রিকেটারের নাম। সন্দেহভাজন তালিকায় থাকা ক্রিকেটারদের বিপিএলে খেলতে দেওয়া হয়নি। তাতে সম্মানহানি হয়েছে বলে অভিযোগ তোলেন বিজয়। পাশাপাশি একই বিপিএলের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগও আছে।
এ নিয়ে তিনি বলেন, আমি দুটি বিষয় নিয়ে এখনো ঝুলন্ত অবস্থায় আছি। যার কোনো সমাধান পাচ্ছি না। বিষয় দুটির একটি তদন্ত রিপোর্টের ব্যাপার ছিল, অন্যটি ছিল পেমেন্ট ইস্যু।
কোনো সমাধান পাননি জানিয়ে বিজয়ের অভিযোগ, বিভিন্নভাবে বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ করার পরও ফলপ্রসূ কিছু আমি আসলে পাইনি এবং পাচ্ছিও না। এখন ঝুলন্ত অবস্থায় আছি। একেক সময় একেকজনের কাছে যাচ্ছি, ফোন দিচ্ছি; কোনো কিছুই পাচ্ছি না।
সবকিছু মিলিয়ে অনেক সম্মানহানি হয়েছে জানিয়ে বিজয় বলেন, ‘আপনারা যে সম্মান দিয়েছেন গত এক বছর ধরে, সেটা যথেষ্ট একজন মানুষের জন্য। এবার আপনারা একটি সমাধান দিন। এভাবে ঝুলে থাকতে ভালো লাগে না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

