আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তান সিরিজ নিয়ে কোনো শঙ্কা দেখছে না বিসিবি

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তান সিরিজ নিয়ে কোনো শঙ্কা দেখছে না বিসিবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিমান চলাচলে তৈরি হয়েছে বিঘ্ন। মধ্যপ্রাচ্যের আকাশসীমা ব্যবহার করে চলাচল করা বিমান সংস্থাগুলো বন্ধ রেখেছে সব ফ্লাইট। ফলে বিশ্বকাপ শেষ হলেও এখনো শ্রীলঙ্কায় আটকে আছে পাকিস্তান। জিম্বাবুয়ে আটকে আছে ভারতে। এমনকি পাকিস্তান থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রেও ব্যবহৃত হয় মধ্যপ্রাচ্যের আকাশসীমা। তাতে শঙ্কা জেগেছে, আসন্ন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে। তবে এখনই এই সিরিজ নিয়ে নেতিবাচক কোনো চিন্তাভাবনা করছে না বিসিবি। এমনটাই জানান বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

আগামী ৯ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসার কথা পাকিস্তান দলের। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১৩ ও ১৫ মার্চ। সবগুলো ম্যাচই আয়োজিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির এই সিরিজে প্রভাব রাখবে কি নাÑসেই প্রশ্ন জেগেছে ক্রিকেটপাড়ায়। এ নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম অবশ্য খুব একটা চিন্তিত নন। আমার দেশকে তিনি বলেন, সিরিজ মাঠে গড়ানোর ব্যাপারে তারা এখনো ইতিবাচক।

তিনি বলেন, ‘বিকল্প অনেক রুট আছে। আশা করি কোনো সমস্যা হবে না। নির্ধারিত সময়ে পাকিস্তান দল সিরিজ খেলতে বাংলাদেশ আসবে। এখন পর্যন্ত এটাই চূড়ান্ত হয়ে আছে।’

তবে কীভাবে পাকিস্তান দল বাংলাদেশে আসবে সে বিষয়ে চূড়ান্ত কোনো ধারণা নাজমুল আবেদিন ফাহিম দেননি। এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো ধরনের আলোচনা না হওয়ায় সে বিষয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন