ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩–১ গোলে পরাজিত করে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে রেড ডেভিলরা।
লিগ শিরোপার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে থাকলেও শীর্ষ দলগুলোর সঙ্গে ব্যবধান কমানোর লড়াইয়ে এই জয় ইউনাইটেডের জন্য গুরুত্বপূর্ণ। ম্যাচের আগে ভিলার সঙ্গে সমান পয়েন্ট থাকলেও এই জয়ের ফলে প্রতিপক্ষকে পেছনে ফেলে এগিয়ে গেল ম্যান ইউনাইটেড।
প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি আক্রমণ গড়ে তুললেও গোলের দেখা পায়নি কেউ। বিরতির পর ম্যাচের গতি বদলে যায়। ৫৩তম মিনিটে ডেডলক ভাঙেন কাসেমিরো। সতীর্থ ব্রুনো ফার্নান্দেসের দারুণ সুইং করা বল থেকে নিখুঁত হেডে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।
তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ভিলা। ৬৪তম মিনিটে ডি-বক্সে সংঘবদ্ধ আক্রমণ থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান রস বার্কলি। ছোট ছোট পাসে ইউনাইটেডের রক্ষণ ভেঙে দেওয়া সেই আক্রমণ শেষ পর্যন্ত জালে পরিণত হয়।
সমতায় ফেরার কিছুক্ষণ পরই আবার এগিয়ে যায় ইউনাইটেড। প্রতিপক্ষের আক্রমণ ভেস্তে দিয়ে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে স্বাগতিকরা। ব্রুনো ফার্নান্দেসের বাড়ানো পাস থেকে বক্সে ঢুকে গোল করেন মাতেউস কুনিয়া। এতে আবারও লিড পায় ইউনাইটেড।
শেষদিকে এসে জয়ের নিশ্চয়তা এনে দেন বেঞ্জামিন সেসকো। ৮১তম মিনিটে কুনিয়ার ক্রস থেকে তৈরি হওয়া সুযোগে দ্রুত শটে বল জালে জড়িয়ে দেন তিনি। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আর কোনোভাবেই বল আটকাতে পারেননি।
শেষ পর্যন্ত ৩–১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে পয়েন্ট টেবিলে অ্যাস্টন ভিলাকে ছাড়িয়ে ম্যানচেস্টার সিটির আরও কাছে পৌঁছে গেছে তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

