বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। সিলেট অঞ্চলের অনেক কৃষিজমি শুকনো মৌসুমে পানির অভাবে অতিরিক্ত ফসল উৎপাদন থেকে বঞ্চিত হয়। এই সমস্যা সমাধানের লক্ষ্যে জাঙ্গাইল থেকে বলাউরা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ বংশীখাল খনন করা হবে।
মঙ্গলবার বিকেলে সিলেট সদর উপজেলায় ‘জাঙ্গাইল সুরমা নদী থেকে বলাউরা জিলকার হাওর পর্যন্ত বংশীখাল খনন’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে মন্ত্রী বংশীখাল খননকাজের উদ্বোধন করেন।
আব্দুল মুক্তাদির বলেন, খালটি খনন সম্পন্ন হলে প্রায় ছয় হাজার হেক্টর কৃষিজমি সেচ সুবিধার আওতায় আসবে। এর ফলে কৃষকরা অতিরিক্ত ফসল উৎপাদনের সুযোগ পাবেন, তাদের আয় বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
মন্ত্রী বলেন, সরকার জনগণের কাছে দেওয়া নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ২১ দিনের মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. সরওয়ার আলম, উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াত, বিএনপির সভাপতি আবুল কাশেমসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

