ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান জীবনসহ ৭জনকে আটকের পর তিনটি বাসে অগ্নিসংযোগ ও পেল্ট্রোল পাম্প ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে আগুনে পুড়ে যাওয়া বাস মালিকদের পক্ষে সাইফ নোমান ও সৃজনী ফিলিং ষ্টেশনের পক্ষে শামসুল কবীর মিলন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। গণমাধ্যমে পাঠানো পুলিশ সুপার মাহফুজ আফজাল সাক্ষরিত এক প্রেস নোটে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান জীবন, যুগ্ম আহ্বায়ক এজাজ হাসান অন্তর মাহমুদ, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সাব যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির, তাশদিদ হাসান ও রাসেল আহমেদ।
পুলিশ সুপারের প্রেসনোটে জানানো হয়েছে, গত ৭ মার্চ রাতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস-টার্মিনাল এলাকায় আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পাম্প কর্মচারীদের হামলায় নিহত হন বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল মিরাজ নীরব। র্যাব ও পুলিশ তাৎক্ষনিতভাবে হত্যার সঙ্গে জড়িত পাম্পের ৩ কর্মচারীকে আটক করে। নিরব হত্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামীলীগ নেতার মালিকানাধীন পেট্রোল পাম্পটিতে ভাংচুরের চেষ্টা চালায়। কিন্তু পুলিশের তৎপরতায় তারা একই মালিকের অপর আরাপপুর সৃজনী ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাংচুর করে। ঘটনার দিন রাত সোয়া তিনটার দিকে ঝিনাইদহ বাস টার্মিনালে দাড়িয়ে থাকা রয়েল পরিবহনের দুইটি ও জে-লাইন পরিবহনের একটি বাসে তারা অগ্নিসংযোগ করে।
প্রেসনোটে আরো বলা হয়েছে, পেল্ট্রোল পাম্প ভাংচুর ও তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সিসিটিভি ফুটজ, তথ্য প্রযুক্তি ব্যবহার ও মোবাইল ট্রাকিং করে হামলাকারীদের সনাক্ত করা হয়।
এদিকে ৭ নেতাকর্মী আটকের ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক তারেক রেজা জানিয়েছেন, প্রতিটি অপরাধই আইনের দৃষ্টিতে গর্হিত কাজ। আমরাও চাই প্রকৃত অপরাধীর বিচার হোক। পেট্রোল পাম্প ভাংচুর ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় যাদের গ্রেফতার দেখানো হচ্ছে তাদের মধ্যে অনেকেই নিরপরাধ। ফলে আইনের প্রয়োগ যেন সঠিক হয়। তিনি আরো বলেন, হত্যার চেয়ে যদি ভাংচুরের ঘটনা বড় করে দেখানো হয় তবে সেটা হবে দুঃখজনক ঘটনা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

