আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে পেট্রোল পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ

সিলেট ব্যুরো

সিলেটে পেট্রোল পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ

সিলেটে বিভিন্ন পেট্রোল পাম্প কর্মচারীর উপর হামলা ও ছুরিকাঘাত এবং ৫ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন সিলেটের সিএনজি রিফুয়েলিং ও পেট্রোল পাম্প ব্যবসায়ীরা।

৫ দফা দাবিতে সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার বেলা দুইটা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। ফলে ১৪ ঘণ্টা সিলেট বিভাগের সকল পাম্পে তেল বিক্রি বন্ধ থাকবে। খোঁজ নিয়ে জানা গেছে রাত ১২টা থেকেই পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান ও সিলেট শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ সোমবার) রাতে এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

সিলেটের শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ জানান, আজ (সোমবার) সিলেট নগরের চৌকিদিখি এলাকার আরেকটি পাম্পসহ সিলেটের কয়েকটি পাম্পে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তেল না পেয়ে বিভিন্ন পাম্পে হামলা, ভাঙচুর ও কর্মচারীদের ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

তিনি আরো জানান, তারা ডিপো থেকে চাহিদামাফিক তেল সরবরাহ পাচ্ছেন না। ফলে গ্রাহকদের চাহিদামতো তেল দিতে পারছেন না।

তাই ৫ দফা দাবিতে তারা আজ সোমবার রাত থেকে সিলেটের সব পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার বেলা দুইটার মধ্যে পেট্রোল পাম্পে হামলাকারীদের গ্রেপ্তার ও ডিপো থেকে চাহিদামাফিক আগের মতো তেল সরবরাহের দাবি তাদের।

এরআগে সোমবার (৯ মার্চ) ইফতারের আগে নগরের চৌকিদেখী এলাকার মেসার্স উত্তরা পেট্রোলিয়ামে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে কর্মচারীকে ছুরিকাঘাত করেন এক গ্রাহক। আহত কর্মচারী মিঠু গোয়ালা মালিনীছড়া চা-বাগানের বিজয় গোয়ালার ছেলে। তাঁকে উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেসার্স উত্তরা পেট্রোলিয়ামের ম্যানেজার মারুফ আহমদ চৌধুরী বলেন, তেল নিতে আসা এক ব্যক্তিকে শৃঙ্খলা মেনে তেল নেওয়ার অনুরোধ করা হলে তিনি তা অমান্য করেন। এই নিয়ে পাম্প কর্মীদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। পরে তিনি চলে যান। কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে এসে ছুরিকাঘাত করে চলে যান।

এই ব্যাপারে সিলেট এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, পেট্রোল পাম্পে তেল না পেয়ে এক গ্রাহক ক্ষুব্ধ হয়ে কর্মীকে ছুরিকাঘাত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

এসোসিয়েশনের ৫ দফা দাবি হচ্ছে:

১. পেট্রোল পাম্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২. হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

৩. বিপিসি আরোপিত অযৌক্তিক দৈনিক কোটা পদ্ধতি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

৪. স্বাভাবিক, বাস্তবসম্মত ও কার্যকর জ্বালানি বিপণন ব্যবস্থা পুনর্বহাল করতে হবে।

৫. সিলেট অঞ্চলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...