আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতার হামলা

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতার হামলা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে সরকারি বরাদ্দের চাল আত্মসাতের মিথ্যা অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা করা হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনা ঘটে উপজেলার নিয়ামত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে। অভিযুক্ত সোহেল সিকদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ভুক্তভোগী মো. হুমায়ুন কবির একই ইউপির চেয়ারম্যান।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, উত্তেজিত বিএনপির নেতাকর্মীরা চেয়ারম্যান হুমায়ুনকে ঘিরে ধরে কিল-ঘুসি মারছেন। যদিও বিষয়টি পরিকল্পিত বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দলের কেন্দ্রীয় শুরা সদস্য নুরুল ইসলাম আল আমিন চৌধুরী বলেন, ‘চাল চুরির অভিযোগ থাকলে প্রশাসন ব্যবস্থা নেবে। হামলাকারীরা আইন হাতে তুলে নেওয়ার কে? আমাদের ধারণা, আগামী স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে।’

বাকেরগঞ্জ থানার ওসি খন্দকার কে এম সোহেল রানা ঘটনার বিষয় বলেন, সরকারি চাল চুরির অভিযোগ তুলে ইউনিয়ন বিএনপির নেতাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। হামলার ঘটনায় চেয়ারম্যান কোনো লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, সরকারের বরাদ্দকৃত ভিজিডি কর্মসূচির আওতায় নিয়ামতি ইউনিয়নের জন্য ২৪ টন চাল বরাদ্দ ছিল। চেয়ারম্যান গোডাউনে ১ টন চাল রেখে তিনি ওই চাল চুরি করেছেন বলে অভিযোগ উঠলে ট্যাগ অফিসার এনামুলের সামনে আবারও চালের বস্তা গণনা করে মাপা হয়। এ সময় ১ টন চাল কম পাওয়া যায়। এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারের নেতৃত্বে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা ইউপি চেয়ারম্যান হুমায়ুনকে অফিস কক্ষ থেকে বের করে তার ওপর হামলা চালান এবং মারধর করেন।

ট্যাগ অফিসার এনামুল জানান, চাল কম থাকার বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে এ ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান মো. হুমায়ন কবির সাংবাদিকদের জানান, গোডাউন থেকে চাল আনার সময় ট্রলারে জায়গা সংকুলান না হওয়ায় এক টন চাল তিনি গোডাউন রেখে এসেছেন, যার প্রমাণ রয়েছে। ওই চাল পরবর্তীতে এনে বিতরণ করা হবে। নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল শিকদার চাল চুরির মিথ্যা অভিযোগ তুলে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে হামলা চালিয়ে তাকে মারধর করেছেন।

নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল শিকদার হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ইউপি চেয়ারম্যান হুমায়ুন ভিজিডি কার্ডের এক টন চাল চুরি করেছেন। এই অভিযোগে বিক্ষুব্ধ জনতা তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

উপজেলা মহিলা শিশুবিষয়ক কর্মকর্তা শামিম পারভেজ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তার উপস্থিতিতেই কতিপয় উশৃঙ্খল কর্মী চেয়ারম্যানের ওপর হামলা চালিয়েছে। সেখানে গিয়ে তিনি বস্তা গণনা করে এক টন চাল কম দেখেন। চেয়ারম্যান তাকে জানান এক টন চাল গোডাউনে রাখা আছে।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, ঘটনার খবর পেয়ে তিনি তাৎক্ষণিক উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠান। কোনো কারণ ছাড়া কেউ চেয়ারম্যানের ওপর হামলা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া উক্ত বিষয়টি তদন্তে সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে অভিযোগের কোনো সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানাবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...