বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা ও ব্যবসায়ী জাহিদ হাসানের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে নালিতাবাড়ী শহরে উপজেলা জামায়াতের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
জানা গেছে, গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নালিতাবাড়ী শহরের চকপাড়া এলাকায় হামলার ঘটনাটি ঘটে। আহত জাহিদ হাসান স্থানীয় ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবসায়ী ফোরাম শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নালিতাবাড়ী বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে হেঁটে বাড়ি ফিরছিলেন জাহিদ হাসান। পথে চকপাড়া এলাকার একটি নির্জন স্থানে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত চার ব্যক্তি তার পথরোধ করে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তার মাথায় একটি কালো ব্যাগ পরিয়ে হাত-পা বেঁধে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
প্রায় আধা ঘণ্টা সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

