জামালপুরে অবরোধ

রেললাইনে জামাতে নামাজ আদায় করে জলাবদ্ধতা নিরসনের দাবি

জেলা প্রতিনিধি, জামালপুর

রেললাইনে জামাতে নামাজ আদায় করে জলাবদ্ধতা নিরসনের দাবি

দীর্ঘ ৩০ বছরের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে জামালপুর পৌর শহরের গেটপাড় এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ চলাকালে মাগরিবের আজান হলে আন্দোলনকারীরা রেললাইনের ওপরই জামাতে নামাজ আদায় করেন। পরে নামাজ শেষে তারা আবারও অবরোধ কর্মসূচি চালিয়ে যান।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার গেটপাড়-ফকিরপাড়া এলাকার শতাধিক নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের অবরোধের কারণে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি রেললাইনে আটকা পড়ে। এতে ট্রেনের যাত্রীসহ সাধারণ মানুষের ভোগান্তি দেখা দেয়।

আন্দোলনকারীরা জানান, গেটপাড় এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও বসতবাড়ি পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তাদের অভিযোগ, প্রায় তিন দশক ধরে জলাবদ্ধতার সমস্যা থাকলেও এর স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ বিষয়ে একাধিকবার পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ এবং স্থায়ী সমাধানের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। জামালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, “অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে পৌর কর্তৃপক্ষের আশ্বাসের পর রাত সাড়ে ৮টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেন।”

জামালপুর রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “পৌর প্রশাসকের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এ বিষয়ে রোববার পৌর প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।”

অবরোধ প্রত্যাহারের পর তারাকান্দি-জামালপুর রুটে রেল চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন