আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বগুড়ায় ৪৯৬ নারী পেলেন ফ্যামিলি কার্ড

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ৪৯৬ নারী পেলেন ফ্যামিলি কার্ড

বগুড়া জেলার সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের গোপালবাড়িসহ দেশের ১৪টি উপজেলার ১৪টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকাল দশটায় রাজধানী ঢাকায় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বগুড়ায় বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক তৌফিকুর রহমান এই ফ্যামিলি কার্ড উপকার ভোগীদের মধ্যে বিতরণ করেন।

বিজ্ঞাপন

প্রাথমিক পর্যায়ে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপাল বাড়িতে প্রাথমিক পর্যায়ে ৪৯৬ জনকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। এছাড়াও আরো কয়েকজনকে এই কার্ডের আওতায় আনা হয়েছে। সর্বমোট ফ্যামিলি কার্ডের অধিকারী হবেন ৮৬৮ জন। বাকিদের পর্যায়ক্রমে দিয়ে দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফ্যামিলি কার্ড পাওয়ার পর অধিকাংশ পরিবারের গৃহিণীরা খুশি হয়েছেন। কারণ এই টাকা তাদের পরিবারের অনেক কাজে লাগবে বলে তারা জানিয়েছেন। তাদের অনেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বলেন এরকম কার্যক্রম ইতিপূর্বে বাংলাদেশে হয়নি।

উপকারভোগী রহিমা বেগম বলেন, কার্ড পাওয়ার আগেই মোবাইলে টাকা পৌঁছে গেছে। এটা আমাদের পরিবারের জন্য অনেক কাজে লাগবে। তারেক রহমানের জন্য দোয়া করি। আল্লাহ তাকে ভাল রাখুক।

উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান উপকারভোগী নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। এসময় তিনি বলেন, সরকারের এই উদ্যোগ প্রান্তিক পর্যায়ের নারীদের জন্য। ইতিমধ্যে সকালেই সবার মোবাইলে টাকা পৌঁছে গেছে। সবকিছু মিলিয়ে এই ফ্যামিলি কার্ড বিতরণ শুভ উদ্বোধন ঘোষণা করছি।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল ওয়াজেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন নবী সালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ সদর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ, ১১টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাগণসহ অনেকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...