কক্সবাজারের রামু উপজেলায় পুলিশ ও স্থানীয়দের যৌথ অভিযানে অপহৃত দুই কৃষককে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধুমছাকাটা এলাকায় হাতির আক্রমণ ঠেকাতে ধানক্ষেতের টংঘরে পাহারা দেওয়ার সময় মাহমুদুল হক (৪৭) ও সৈয়দ কাসিম (৪২) নামে দুই কৃষককে অজ্ঞাতনামা অপহরণকারীরা অপহরণ করে গহীন পাহাড়ের একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
অপহৃত মাহমুদুল হক ও সৈয়দ কাসিম উভয়ের বাড়ি ঈদগড় ইউনিয়নের ধুমছাকাটা এলাকায় বলে জানা গেছে।
ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় পাহাড়ি এলাকায় দিনব্যাপী ব্যাপক তল্লাশি অভিযান চালান।
পরে একই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ঈদগড় ইউনিয়নের ধুমছাকাটা এলাকার গহীন পাহাড়ি অঞ্চল থেকে অপহৃত দুই কৃষককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া জানান, উদ্ধারকৃত ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

