আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিকাশ এজেন্ট ও পরিবেশকদের জন্য ২৪ ঘণ্টা স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু করলো ইউসিবি

আতিকুর রহমান নগরী

বিকাশ এজেন্ট ও পরিবেশকদের জন্য ২৪ ঘণ্টা স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু করলো ইউসিবি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ-এর সঙ্গে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে সারা দেশের বিকাশ এজেন্ট, পরিবেশক ও অংশীদারদের জন্য চালু করা হচ্ছে ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা।

এই সহযোগিতা-চুক্তির ফলে ইউসিবিতে অ্যাকাউন্ট থাকা বিকাশ এজেন্ট ও পরিবেশকরা যেকোনো সময় টাকা জমা, ফান্ড ট্রান্সফার ও ই-মানি তৈরি করতে পারবেন সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে। এতে দ্রুত লেনদেন সম্ভব হবে এবং প্রচলিত ব্যাংকিং সময়ের সীমাবদ্ধতা দূর করে একটি ক্যাশলেস অর্থনীতির দিকে বাংলাদেশের যাত্রাকে আরও ত্বরান্বিত করবে।

বিজ্ঞাপন

সম্প্রতি ইউসিবির করপোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময় হয়।

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ এবং বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মইনুদ্দিন মোহাম্মদ রাহগির এই চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান ও আবুল আলম ফেরদৌস, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, ফারুক আহমেদ, এস এম মইনুল কবির এবং বিকাশের ট্রেজারি প্রধান আহমেদ আশরাফ শরীফসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই উদ্যোগের মাধ্যমে ইউসিবি আবারও তাদের ডিজিটাল ব্যাংকিং সেবা শক্তিশালীকরণ, গ্রাহক অভিজ্ঞতা উন্নয়ন এবং বাংলাদেশের ডিজিটাল আর্থিক খাতের বিকাশে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন