কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ব্যাংকিং সেক্টরে কর্মরত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র উদ্যোগে তিন শতাধিক সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে কর্মজীবীদের মাঝে চারটি সেলাই মেশিন প্রদান এবং এতিম ছাত্রদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের আজীবন সদস্য ও পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমানের আর্থিক সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
এ উপলক্ষে আটগ্রামস্থ ডলি রিসোর্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফি মজুমদারের সভাপতিত্বে এবং সমন্বয়ক এস এম হাবিব মহসিন সুধনের সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ইভিপি এ কে এম শহিদুল হক খন্দকার, অগ্রণী ব্যাংকের সাবেক জিএম মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ান ব্যাংকের এসইভিপি মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন খান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এভিপি কাজী মো. ইলিয়াছ, অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরী, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ এবং সিটিজেন ব্যাংকের কর্মকর্তা এস এন ইউসুফসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি ব্যাংকিং সেক্টরের পাশাপাশি এলাকার উন্নয়ন ও বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে সবসময় ভূমিকা রেখে চলেছে। তারা সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য-ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, পেশাগত উন্নয়ন ও মানবসেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় অরাজনৈতিক সেবামূলক পেশাজীবী সংগঠন হিসেবে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে তার লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

