দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট, আর এই ঐতিহাসিক যাত্রার গুরুত্বপূর্ণ একটি অংশীদার হতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পুরুষ বিভাগের ক্রিকেট বাছাইপর্ব হবে বাংলাদেশে। ইন্দোনেশিয়ার বালিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় এসেছে এই সিদ্ধান্ত।
সূচি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২০২৮ সালের ১৪ থেকে ৩০ জুলাই অলিম্পিক গেমসের মূল আসর বসবে। তার আগে ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে পুরুষদের অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব হবে। সম্ভাব্য ভেন্যু হিসেবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। অন্যদিকে, ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত মেয়েদের বাছাইপর্ব হবে অলিম্পিকের স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রেই।
টি-টোয়েন্টি সংস্করণের এই অলিম্পিক ক্রিকেটে পুরুষ ও নারী উভয় বিভাগে ৬টি করে দল মূল পর্বে খেলার সুযোগ পাবে। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র সরাসরি খেলার সুযোগ পাবে (র্যাঙ্কিংয়ের শর্ত পূরণ সাপেক্ষে)।
এশিয়া, ওশেনিয়া, ইউরোপ ও আফ্রিকা—এই ৪টি অঞ্চল থেকে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ১টি করে দল সরাসরি অলিম্পিকে জায়গা করে নেবে।
মূল পর্বের ষষ্ঠ ও শেষ দলটি নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে। র্যাঙ্কিংয়ে থাকা পরবর্তী সেরা ৮টি দল নিয়ে আয়োজিত এই বাছাইপর্বে দলগুলো ৪টি করে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল ফাইনালে মুখোমুখি হবে এবং কেবল ফাইনালে বিজয়ী দলই লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিট পাবে।
অলিম্পিক গেমসের ইতিহাসে এর আগে মাত্র একবারই ক্রিকেট খেলা হয়েছিল, সেটি ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্যালিফোর্নিয়ার পোমোনাতে অবস্থিত ফেয়ারগ্রাউন্ডস ক্রিকেট স্টেডিয়ামে হবে ক্রিকেটের মূল লড়াই। সূচি অনুযায়ী, ১২ থেকে ২০ জুলাই মেয়েদের এবং ২২ থেকে ২৯ জুলাই ছেলেদের ক্রিকেট ইভেন্ট হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

