এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। রোববার গত জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ের ১৩৭ কোটি ডলার আমদানি বিল পরিশোধ করায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, দেশে গত ৫ মার্চ শেষে গ্রস রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভ ছিল ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। আকু বিল পরিশোধে তা কমে হয়েছে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। সাধারণত আকু বিল পরিশোধের পর রিজার্ভ কমে যায়। কারণ রিজার্ভ থেকে এ দায় শোধ করা হয়।
গত নভেম্বর-ডিসেম্বর সময়ের আকুতে পরিশোধ করা হয়েছিল ১৫৩ কোটি ডলার। সেপ্টেম্বর-অক্টোবরে পরিশোধ করা হয় ১৬১ কোটি ডলার। তার আগের দুই মাসে ১৫০ কোটি ডলার পরিশোধ করা হয়েছিল।
আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্ত–আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার মূল্য দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

