আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কার্বন নিঃসরণের হিসাব জোরদারে ইউসিবির চুক্তি

আমার দেশ অনলাইন

কার্বন নিঃসরণের হিসাব জোরদারে ইউসিবির চুক্তি
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবি ব্যাংক ও ইওয়াই এএসবিএলের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

পরিবেশ সুরক্ষা এখন শুধু আলোচনার বিষয় নয়, বরং দায়িত্বের অংশ। এই দায়িত্বকে আরো শক্তভাবে গ্রহণ করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ব্যাংকটি কার্বন অ্যাকাউন্টিং বা কার্বন নিঃসরণ পরিমাপকে আরো ফলপ্রসূ করার লক্ষ্যে একটি চুক্তি করেছে আর্নস্ট অ্যান্ড ইয়ং অ্যাডভাইজরি সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডের (ইওয়াই এএসবিএল) সঙ্গে।

সম্প্রতি ইউসিবির করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর হয়। এটি ব্যাংকের পরিবেশগত স্থায়িত্ব (এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি) জোরদার করার কৌশলগত উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

চুক্তি অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জন্য ইউসিবির গ্রিনহাউস গ্যাস ইনভেন্টরি বা নিঃসরণ তালিকা প্রস্তুত করতে সহায়তা করবে ইওয়াই এএসবিএল।

সহজ ভাষায় বলতে গেলে, ব্যাংকের কার্যক্রম থেকে কতটুকু কার্বন নিঃসরণ হচ্ছে—তা পরিমাপ ও বিশ্লেষণ করা হবে। এর মধ্যে থাকবে—ব্যাংকের নিজস্ব কার্যক্রম থেকে সরাসরি নিঃসরণ (স্কোপ ১); বিদ্যুৎ বা জ্বালানি ব্যবহারের মাধ্যমে সৃষ্ট নিঃসরণ (স্কোপ ২) এবং ব্যাংকের অপারেশনাল কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য পরোক্ষ নিঃসরণ (স্কোপ ৩)।

এই পরিমাপের মাধ্যমে ইউসিবি তার পরিবেশগত প্রভাব সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে।

অনুষ্ঠানে ইউসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও নাবিল মুস্তাফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সিএফও ফারুক আহমেদ, এসইভিপি সাইফুল ইসলাম, সিসিও জিশান কিংশুক হক, এসইভিপি (জিএসডি) মোহাম্মদ আসিফ কোরেশীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইওয়াই এএসবিএলের পক্ষে উপস্থিত ছিলেন এর ব্যবস্থাপনা পরিচালক নওশাদ একরামুল্লাহ, সহযোগী পরিচালক রানা সোহেল এবং ম্যানেজার ইব্রাহিম রেদওয়ান।

এই অংশীদারত্ব ইউসিবির টেকসই অর্থায়ন (সাসটেইনেবল ফাইন্যান্স) উদ্যোগে নতুন গতি যোগ করবে। কার্বন নিঃসরণের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি হলে ব্যাংক ভবিষ্যতে নিঃসরণ কমানোর পরিকল্পনা আরো কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারবে।

পাশাপাশি, এটি ব্যাংকের ইএসজি (পরিবেশ, সামাজিক ও সুশাসন) রিপোর্টিংকে আন্তর্জাতিক মানের দিকে এগিয়ে নিয়ে যাবে।

বিশ্বজুড়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন পরিবেশবান্ধব কার্যক্রমে গুরুত্ব দিচ্ছে। ইউসিবির এই উদ্যোগ প্রমাণ করে—ব্যাংকটি শুধু আর্থিক সাফল্য নয়, পরিবেশগত দায়বদ্ধতার ক্ষেত্রেও এগিয়ে থাকতে চায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...