আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রতীকী ছবি

রাজধানীর শ্যামপুর ও মুগদায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুর্ঘটনা দুটি ঘটে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়।

বিজ্ঞাপন

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, সোমবার রাতে পোস্তগোলা ব্রিজের পাশে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন আব্দুর রহিম (৪৬)। মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় পড়ে থাকেন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত পৌনে ৩টার দিকে তিনি মারা যান।


নিহত আব্দুর রহিম সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে মুগদা থানাধীন মুগদা হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান নয়ন মনি (৪৬) নামে এক গার্মেন্টস কর্মী। তার স্বামী হামিদ জানান, নয়ন মনি স্থানীয় একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। কর্মস্থলের স্টাফ বাস থেকে মুগদা হাসপাতালের সামনে নেমে রাস্তা পার হওয়ার সময় একই বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে মুগদা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তারেক দিপু জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে স্বজনরা মরদেহ গ্রহণ করেন। এ ঘটনায় বাসসহ চালককে আটক করেছে পুলিশ।

নিহত নয়ন মনি শরিয়তপুর জেলার পালং উপজেলার কুয়ারপুর গ্রামের আব্দুল হকের মেয়ে। তিনি চা দোকানি আব্দুল হামিদের স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন