রাজধানীর শ্যামপুরে ‘রড চুরি’র অভিযোগে গণপিটুনির শিকার হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুর রহিম (৩৫)। সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রোববার রাত সাড়ে ১০টার দিকে শ্যামপুর থানাধীন পোস্তগোলা শ্মশানঘাট-সংলগ্ন বিআইডব্লিউটিএ’র নতুন প্রকল্পের ভেতরে এ ঘটনা ঘটে। সেখানকার লোকজন রড চুরির অভিযোগ এনে তাকে গণপিটুনি দেয় বলে জানিয়েছেন প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার বিপ্লব।
তিনি দাবি করেন, ঘটনাস্থল থেকে নিহতের কাছ থেকে কিছু মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ এ তথ্য নিশ্চিত করেনি।
খবর পেয়ে শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহআলম ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টা ১৫ মিনিটের দিকে তিনি মারা যান। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে শ্যামপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

