বিসিএলের ১২তম আসরের প্রথম দিনে দেখা মিলেছে দুই সেঞ্চুরির। উত্তরাঞ্চলের আকবর আলীর পাশাপাশি সেঞ্চুরির দেখা পেয়েছেন দক্ষিণাঞ্চলের আফিফ হোসেন ধ্রুব। তাদের সেঞ্চুরিতে ভর করে জয় পেয়েছে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল।
রাজশাহীতে মধ্যাঞ্চলের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পায় দক্ষিণাঞ্চল। আগে ব্যাট করতে নেমে নাঈম শেখ, মাহফিজুল ইসলাম রবিন ও অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কনের হাফ সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২৬৪ রানে থামে মধ্যাঞ্চলের ইনিংস। সর্বোচ্চ ৬৯ রান করেন নাঈম শেখ। দক্ষিণাঞ্চলের হয়ে সৌম্য সরকার ও তানভীর ইসলাম দুইটি করে উইকেট শিকার করেন।
২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১ রানের মাথায় ফেরেন দক্ষিণাঞ্চলের ওপেনার সৌম্য সরকার। পরে দ্বিতীয় উইকেট জুটিতে ৮১ রান যোগ করেন আনিসুল ইসলাম ইমন ও জাওয়াদ আবরার। আনিসুল ৪৩ রানে ফিরলে ভাঙে এই জুটি। পরে একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন আফিফ হোসেন ধ্রুব। তার ১০০ রানে ভর করে সহজে ৭ উইকেটের জয় পায় দক্ষিণাঞ্চল। দলটির আরেক ব্যাটার মোহাম্মদ মিঠুন অপরাজিত থাকেন ৭২ রানে।
বগুড়ায় পূর্বাঞ্চলের বিপক্ষে ৫৪ রানের জয় পায় উত্তরাঞ্চল। আগে ব্যাট করতে নেমে ৩৩৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় উত্তরাঞ্চল। দলীয় ২০ ওপেনার হাবিবুর রহমান সোহান ফিরলেও পরে ঘুরে দাঁড়ায় দলটি। সর্বোচ্চ ১১১ রান করে অপরাজিত থাকেন উইকেটরক্ষক ব্যাটার আকবর আলী। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৬৮ রান। পূর্বাঞ্চলের হয়ে ৫২ রানে ৪ উইকেট নেন খালেদ আহমেদ।
৩৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে রিশাদ হোসেনের স্পিন তোপে ২৮১ রানে থামে পূর্বাঞ্চলের ইনিংস। সর্বোচ্চ ৮৩ রান করেন অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক। এছাড়া নাঈম হাসানের ব্যাটে আসে ৪৩ বলে ৫০ রান। রিশাদ হোসেন ৫৭ রানে নেন ৪ উইকেট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

