রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত
এআই ছবি

রাজধানীর রামপুরায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে রামপুরার ওয়াপদা রোডের তাকওয়া মসজিদের পাশে অবস্থিত ‘স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজি’ নামের একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতরা হলেন হাবিবুর রহমান (২৭) ও সাজু আহমেদ (২৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

প্রতিষ্ঠানটির রামপুরা শাখার ম্যানেজার মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, সন্ধ্যায় ওই দুই কর্মচারীসহ আরো কয়েকজন অফিসে বসে কাজ করছিলেন। এ সময় হঠাৎ চারজন দুর্বৃত্ত এসে অফিসের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এর দুই-এক মিনিটের মধ্যেই তারা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের দুই কর্মচারী হাবিবুর ও সাজু গুলিবিদ্ধ হন। পরে দ্রুত তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরো জানান, দুই সপ্তাহ আগে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ ও তাদের লোকজন ফোনে প্রতিষ্ঠানটির মালিক শরিফুল ইসলামের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তবে এখন পর্যন্ত তাদের দাবিকৃত চাঁদার টাকা দেওয়া হয়নি। এর জের ধরেই গুলি করা হয়েছে বলে তাদের ধারণা।

আহত সাজু আহমেদ জানান, তিনজন অফিসের ভেতরে ঢোকে এবং আরেকজন বাইরে দাঁড়িয়ে ছিল। অফিসের ভেতরে ঢুকেই ওই তিনজন বলতে থাকে, ‘তোদের এইখানে ব্যবসা করতে নিষেধ করেছি, এখনো বন্ধ করিস নাই কেনো?’ এ কথা বলেই তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ঘটনা ঘটিয়ে তারা দ্রুত সেখান থেকে চলে যায়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, আহতদের মধ্যে সবুজের ডান পায়ে এবং হাবিবুরের বাম হাতে গুলি লেগেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন