বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

প্রস্তাবিত মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা-২০২৬-এর খসড়ায় নিকাহ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের কর্ম-অধিক্ষেত্র (কর্মএলাকা) পরিবর্তনের প্রস্তাব বাতিলসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ। দাবি আদায়ে আগামী ১৬ নভেম্বর দেশের সব জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি এবং ১৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে সমাবেশের ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।

বিজ্ঞাপন

রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে কর্মসূচি ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি শাহ্ মো. নেছারুল হক। বক্তব্য দেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির মহাসচিব কাজী সেলিম রেজা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিবাহ ও তালাক নিবন্ধনের ক্ষেত্রে ইসলামী শরিয়ত ও মুসলিম পারিবারিক আইন সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকা জরুরি। তাই সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতাকে নিয়োগের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে।

লিখিত বক্তব্যে বলা হয়, প্রস্তাবিত বিধিমালায় নিকাহ রেজিস্ট্রারদের কর্ম-অধিক্ষেত্র তিন ভাগে বিভক্ত করা এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের এ পদে নিয়োগের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। এসব পরিবর্তন বিদ্যমান প্রশাসনিক কাঠামো ও নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে আলোচনা ছাড়াই এ ধরনের বিধিমালা পরিবর্তনের উদ্যোগ গ্রহণযোগ্য নয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

১. নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সে উল্লিখিত অধিক্ষেত্র বহাল রাখা।

২. মৃত বা অবসরজনিত কারণে শূন্য হওয়া পদে যোগ্য পুত্রকে সরাসরি লাইসেন্স প্রদান।

৩. বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি।

৪. নিয়োগের ক্ষেত্রে আগের বিধিমালায় উল্লিখিত যোগ্যতা বহাল রাখা।

৫. নতুন বিধিমালা প্রণয়নে নিকাহ রেজিস্ট্রারদের মধ্য থেকে অন্তত দুজন অভিজ্ঞ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা।

এছাড়া ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালার ২১ বিধি সংশোধন করে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিবন্ধন ফি ও অন্যান্য আনুষঙ্গিক ফি বাড়ানোর দাবি জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করে বলা হয়, নিকাহ রেজিস্ট্রারদের প্রতিনিধিত্ব নিশ্চিত না করে তাঁদের পেশাগত ভবিষ্যৎ ও দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিধিমালা চূড়ান্ত করা উচিত হবে না। একই সঙ্গে বিধিমালা চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিকাহ রেজিস্ট্রারদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...