জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

অসংখ্য গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সাম্প্রতিক একটি ভাইরাল ছবি ও তার আচরণ নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

বিজ্ঞাপন

রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বিষয়ে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেন।

সংসদে বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, অসংখ্য গুম-খুনের অভিযোগে অভিযুক্ত জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) তার বিচার চলমান। গত বৃহস্পতিবার তাকে আদালতে বা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ছবিটির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তার অঙ্গভঙ্গি এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে মনে হচ্ছিল, যেন তিনি কোনো আনন্দভ্রমণে বের হয়েছেন। আর সঙ্গে থাকা পুলিশ সদস্যদের দেখে মনে হচ্ছিল, তারা তাঁর প্রটোকল হিসেবে যাচ্ছেন।’

হাতকড়া পরতে অস্বীকৃতি জানানোয় তাকে বিনা হাতকড়া ও ডান্ডাবেড়িতে নিয়ে যাওয়া হয়েছে উল্লেখ করে তাহসিনা রুশদীর লুনা বলেন, এমন একজন অপরাধীকে এভাবে নিয়ে যাওয়ায় তাঁরা মর্মাহত। তাঁর মতো বহু ভুক্তভোগী পরিবার এ ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন ও আতঙ্কিত।

বক্তব্যের শেষ পর্যায়ে সরকার তাকে নিয়ন্ত্রণ করতে পারছে কি না, নাকি এমন অপরাধীর প্রতি কোনো মানবিকতা দেখানো হচ্ছে—এমন প্রশ্ন তুলে স্পিকারের মাধ্যমে আইনমন্ত্রীর কাছে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন