জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুনের মতো মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ভবিষ্যতে আর বিনা হাতকড়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

রোববার জাতীয় সংসদের অধিবেশনে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী পয়েন্ট অব অর্ডারে জিয়াউল আহসানকে গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালে নেওয়ার একটি ছবি ভাইরাল হওয়ার প্রসঙ্গ তুলে আইনমন্ত্রীর কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান।

সংসদে তাহসিনা রুশদী বলেন, অসংখ্য গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন এবং তার বিচার চলমান। তার অঙ্গভঙ্গি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে মনে হচ্ছিল, তিনি কোনো আনন্দ ভ্রমণে বের হয়েছেন। অন্যদিকে, তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের দেখে মনে হচ্ছিল, তারা তার প্রটোকলে নিয়োজিত রয়েছেন।

উল্লেখ্য, সংসদ সদস্য তাহসিনা রুশদীর স্বামী বিএনপি নেতা ইলিয়াস আলীও গুমের শিকার হয়েছেন। জিয়াউল আহসানের বিরুদ্ধে তাকে গুমের অভিযোগ রয়েছে।

তাহসিনা রুশদী বলেন, ‘একজন এরকম অপরাধীকে বিনা হাতকড়ায়, যে হাতকড়া পরতে সে অস্বীকৃতি জানিয়েছে, সেই হাতকড়া না পরিয়ে, ডান্ডাবেড়ি না পরিয়ে তাকে এভাবে নিয়ে যাওয়াতে আমরা মর্মাহত হই। আমার মতো বহু পরিবার এতে অত্যন্ত উদ্বিগ্ন ও আতঙ্কিত যে, সরকার কি তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তার প্রতি কি কোনো মানবিকতা দেখাচ্ছে? আমি আইনমন্ত্রীর কাছে এর ব্যাখ্যা চাই।’

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এটি নিক্তির পর্যায়ে পয়েন্ট অব অর্ডারে পড়ে না। তবে এটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করায় আইনমন্ত্রীকে চাইলে উত্তর দিতে কিংবা নোটিশ চাইতে পারেন।’

জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় হাজিরার জন্য কারাগার থেকে নেওয়ার ছবিটি তার নজরেও এসেছে।

তিনি বলেন, ‘যখন তাকে আদালত পর্যন্ত পৌঁছানো হয়, সেটা আইনমন্ত্রীর জুরিসডিকশনে পড়ে না। তারপরও যখন আমাদের দৃষ্টিতে এটা এসেছে এবং এরপরে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে, একজন নটোরিয়াস ক্রিমিনালকে যেভাবে নিয়ে যাওয়া প্রয়োজন, সেভাবে ফেরত পাঠানো হয়েছে।’

আইনমন্ত্রী আরো বলেন, ‘এরপর থেকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না আদালত প্রাঙ্গণে, সেটার নিশ্চয়তা দিচ্ছি।’

এ সময় চব্বিশের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়েও আশ্বস্ত করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...