দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭ হাজার ৮৬০ মিলিয়ন মার্কিন ডলার।

রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে পৃথক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে ৫৫ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করা হয়। এর বিপরীতে আমদানির পরিমাণ ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলার। বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ২০২টি গন্তব্যে পণ্য রপ্তানি হয়।

দেশের রপ্তানি বাণিজ্যের ৮৪ শতাংশ তৈরি পোশাক খাত থেকে অর্জিত হয় বলে মন্ত্রী জানান। বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হলে বিভিন্ন ট্রেডিং স্কিমের আওতায় অগ্রাধিকার বাজার সুবিধা হারাবে। এর প্রভাবে ১৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মো. কেরামত আলীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সাফটা ও আপটা সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ভারতের বাজারে তামাক ও মদজাতীয় ২৫টি পণ্য ব্যতীত সব পণ্যের ওপর শুল্কমুক্ত-কোটামুক্ত প্রবেশ সুবিধা পাচ্ছে।

ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আমদানি ও রপ্তানি তথ্য অনুযায়ী সার্কভুক্ত দেশ আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। মন্ত্রীর তথ্য অনুযায়ী, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে। দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৭ হাজার ৮৬০ মিলিয়ন মার্কিন ডলার। ২০২৪-২৫ অর্থবছরে ভারতে রপ্তানি হয়েছে এক হাজার ৭৬৪ মিলিয়ন ডলার। একই সময়ে আমদানি হয়েছে ৯ হাজার ৬২৪ মিলিয়ন ডলার।

এদিকে, ঢাকা-১১ আসনের এনসিপির নাহিদ ইসলামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ভারতের সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরে বাণিজ্য ঘাটতির তথ্য উল্লেখ করেন। মন্ত্রীর তথ্য মতে, ২০২৫-২৬ অর্থবছরে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি ৯ হাজার ২৪৬ দশমিক ৪১ মিলিয়ন মার্কিন ডলার। ওই অর্থবছরে বাংলাদেশ ভারতে এক হাজার ৮০২ দশমিক ১৭ মিলিয়ন রপ্তানির বিপরীতে ভারত থেকে আমদানি করেছে ১১ হাজার ৪৮ দশমিক ৫৮ মিলিয়ন ডলার।

মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১১ হাজার ৩৮৮ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পাদিত হয়েছে। যার মধ্যে বাংলাদেশ এক হাজার ৭৬৪ দশমিক ২৩ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে।

কুমিল্লা-৯ আসনের মো. আবুল কালামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৬ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪ কোটি ২৬ লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া যায়। যা ২০২৫ সালের তুলনায় ৪২ দশমিক ৭৯ শতাংশ কম। ২০২৫ সালের বাণিজ্য মেলায় রপ্তানি আদেশ পাওয়া যায় ৩৯২ কোটি টাকার।

সিরাজগঞ্জ-১ আসনের সেলিম রেজার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, কৃত্রিম সংকট প্রতিরোধ এবং অসাধু ব্যবসায়ীদের অনিয়ম নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

কুষ্টিয়া-২ আসনের মো. আব্দুল গফুরের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশ প্রায় ৭২টি দেশ থেকে ওষুধ আমদানি করে।

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করাকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের সহায়তায় টিসিবির মাধ্যমে প্রায় এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য দেওয়ার অনুমোদন রয়েছে। বর্তমানে প্রায় ৭৮ লাখ পরিবার প্রতি মাসে নির্ধারিত পরিমাণ খাদ্যপণ্য পাচ্ছে।

বাজারে সিন্ডিকেট ও কারসাজি ঠেকাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

সম্পূরক প্রশ্নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় আগামী রমজানে পণ্যের সরবরাহ ভালো থাকবে বলে সরকার আশা করছে। এখন পর্যন্ত বাজারের যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা আন্তর্জাতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন না হলে আগামী রমজানেও পণ্যের দাম সহনীয় থাকবে বলে আশা করা যায়।

বর্তমান সরকারের সময়ে ৫ লাখ লোকের বৈদেশিক কর্মসংস্থান

নেত্রকোনা-৫ আসনের মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গঠনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর ফলে কর্মসংস্থান ব্যবস্থাকে অধিকতর স্বচ্ছ, মেধাভিত্তিক, ন্যায্য ও বিকেন্দ্রীকরণ করা সম্ভব হবে।

সংরক্ষিত আসনের সাজেদা সামাদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, ২০২৬ সালে বিশ্বের ১১৫টি দেশে বাংলাদেশি কর্মী বৈদেশিক কর্মসংস্থানের জন্য গিয়েছেন।

সংরক্ষিত আসনের সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, বর্তমান সরকারের সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে ৪ লাখ ৯৬ হাজার ১৫ জন কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে।

দেশে বর্তমানে খাদ্য ঘাটতি নেই

বাগেরহাট-১ আসনের মশিউর রহমানের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজ খানম জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশে খাদ্যশস্য উৎপাদন হয়েছে ৪৩৪ দশমিক ৯৬ লাখ মেট্রিক টন। এর মধ্যে চাল ৪২৪ দশমিক ৬৭ লাখ মেট্রিক টন ও গম ১০ দশমিক ২৯ লাখ মেট্রিক টন। চলতি ২০২৬-২৭ অর্থবছরে খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫৩ দশমিক ৪৩ লাখ মেট্রিক টন।

মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে ৪২৪ দশমিক ৬৭ লাখ মেট্রিক টন উৎপাদনের বিপরীতে চালের চাহিদা ছিল ৪২৩ লাখ মেট্রিক টন। এ ছাড়া সরকার ও বেসরকারি পর্যায়ে ১২ দশমিক ৬৯ লাখ মেট্রিক টন আমদানি করায় চালের লভ্যতা দাঁড়ায় ৪৩৭ দশমিক ৩৩ লাখ মেট্রিক টন। ফলে দেশে চালের কোনো ঘাটতি নেই। এফএও ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশে চালের চাহিদা প্রাক্কলন করেছে ৪২৬ লাখ মেট্রিক টন।

খাদ্যমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে গমের ব্যবহার ছিল ৮২ লাখ মেট্রিক টন। এ সময় ১০ দশমিক ২৯ লাখ মেট্রিক টন উৎপাদন ও ৭৩ দশমিক ৩৪ লাখ মেট্রিক টন আমদানি করা হয়। বর্তমানে নির্ধারিত নিরাপত্তা মজুত ১৪ লাখের বিপরীতে মজুতের পরিমাণ ২১ দশমিক ৪৭ লাখ মেট্রিক টন। দেশে এই মুহূর্তে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই।

রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল বারী সরদারের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও আইসিডিডিআরবির যৌথ উদ্যোগে বাজার থেকে বিভিন্ন খাদ্যপণ্য ও উপাদানের নমুনা সংগ্রহ করে নিয়মিত পরীক্ষা করা হয়। এর অংশ হিসেবে বাজারে বহুল ব্যবহৃত হলুদের নমুনা পরীক্ষা করে তাতে সিসা ও ক্ষতিকর রং মেশানোর প্রমাণ পাওয়া গেছে।

এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন অনুযায়ী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শুধু আইন প্রয়োগ করে খাদ্যে ভেজাল বন্ধ করা কঠিন। এ জন্য মানুষের মধ্যে নৈতিকতা ও সচেতনতা তৈরি করা জরুরি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন