আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বর্ণ-টাকা নিয়ে পালান বিলকিস: পিবিআই

স্টাফ রিপোর্টার

স্বর্ণ-টাকা নিয়ে পালান বিলকিস: পিবিআই

রাজধানীর উত্তরায় চেতনানাশক মেশানো পানি পান করে আয়েশা আক্তার নামের এক গৃহকর্ত্রীর মৃত্যুর ঘটনায় গৃহকর্মী বিলকিস বেগমসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার সকালে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন— বিলকিস বেগম ও রবিউল আউয়াল। সংবাদ সম্মেলনে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান জানান, ঘটনার দুই দিন আগে বিলকিস গৃহকর্মী হিসেবে নিয়োগ পান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনি পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে ভুক্তভোগী আয়েশা আক্তার ও তার স্বামী আনোয়ার হোসেনকে তা পান করান। পরে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় আয়েশা আক্তারের ছোট ছেলে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলার পর পিবিআই ময়মনসিংহ, জামালপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের একজন গৃহকর্মী এবং অন্যজন একটি জুয়েলারি দোকানের মালিক।

মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রে জানা গেছে, এর আগেও অভিযুক্ত বিলকিসের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। পরিচয় গোপন রেখে গৃহকর্মীর পেশার আড়ালে চুরি করাই ছিল তার কাজ। এখন পর্যন্ত তার ছয়টি ভিন্ন নাম পাওয়া গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে পলিথিনের ব্যাগ হাতে উত্তরার ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি বাসা থেকে এক নারী বের হয়ে যাচ্ছেন। পুলিশ জানিয়েছে, ওই নারীই বিলকিস। অভিযোগ রয়েছে, তিনি যে বাসায় কাজ করতেন, সেখানকার গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে চেতনানাশক মেশানো পানি পান করিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান।

পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক গৃহকর্ত্রী আয়েশা আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তার স্বামীকে আইসিইউতে ভর্তি করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন